পুলিশ সদস্যদের আরও সতর্ক, সৎ ও পেশাদার হতে হবে: হাসান মোঃ শওকত আলী
মুহাম্মাদ জুবাইর: চট্টগ্রাম মহানগরীর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর মে/২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বের সাথে অনুষ্ঠিত হয়েছে। আজ ০৬ মে ২০২৬ ইং সকাল ১১:০০ টায় দামপাড়া পুলিশ লাইন্স-এ অবস্থিত মাল্টিপারপাস শেডে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী। সভার শুরুতে তিনি উপস্থিত সকল পুলিশ সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে পুলিশ সদস্যদের আরও সতর্ক, সৎ ও পেশাদার হতে হবে।
কমিশনার মহোদয় পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা, শৃঙ্খলা ও কর্তব্যপরায়ণতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বিশেষভাবে চুরি, ছিনতাই, মাদক ব্যবসা, চাঁদাবাজি এবং কিশোর গ্যাং কার্যক্রম প্রতিরোধে জিরো টলারেন্স নীতিতে কাজ করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন। একইসঙ্গে তিনি বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও জোরদার করতে হবে।
সভায় উপস্থিত বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা তাদের দাপ্তরিক ও ব্যক্তিগত সমস্যার বিষয়গুলো উত্থাপন করেন। কমিশনার মহোদয় অত্যন্ত মনোযোগ সহকারে সেগুলো শুনেন এবং অনেক সমস্যার তাৎক্ষণিক সমাধান প্রদান করেন। এছাড়া অন্যান্য সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন, যা উপস্থিত সদস্যদের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি করে।
সভায় এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়, যখন দীর্ঘ কর্মজীবন শেষে পিআরএল (Post Retirement Leave)-এ গমনকারী সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর জনাব মোঃ আনোয়ার উল্লাহকে সম্মাননা ক্রেস্ট প্রদান করে বিদায় জানানো হয়। কমিশনার মহোদয় তার দীর্ঘদিনের নিষ্ঠা ও সেবার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান। সহকর্মীরাও তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মান প্রদর্শন করেন।
উক্ত সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) জনাব মোঃ হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, জনবান্ধব পুলিশিং নিশ্চিত করা এবং সিএমপির সেবার মান আরও বৃদ্ধি করার প্রত্যয়ে সকল সদস্য ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।



