বায়েজিদে র্যাবের অভিযান, ইয়াবাসহ নারী-পুরুষ গ্রেফতার
দুলাল শিকদার: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০২ জন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ জানতে পারে, কয়েকজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন মোড় এলাকায় বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে গত ০৬ মে ২০২৬ ইং তারিখ দুপুর আনুমানিক ১২টা ৫৫ মিনিটে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল অক্সিজেন ট্রাফিক পুলিশ বক্সের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে এক নারী ও এক পুরুষ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে অভিযানিক দল তাদের আটক করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলেন, আরিয়ান রহমান (২৫), পিতা মৃত ইব্রাহিম প্রকাশ মনু মিস্ত্রী এবং নূরাঙ্গীস প্রকাশ নূর আয়েশা (৪৫), স্বামী মৃত ইব্রাহিম প্রকাশ মনু মিস্ত্রী। তাদের বাড়ি কক্সবাজার জেলার সদর থানার চেয়ারম্যানঘাটা এলাকায়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আরিয়ান রহমানের কাঁধে থাকা শোল্ডার ব্যাগ তল্লাশি করে বিশেষ কৌশলে রাখা ১০টি নীল পলিজিপার প্যাকেট থেকে মোট ১৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে র্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ.আর.এম. মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।



