চট্টগ্রাম বিভাগ

পশ্চিমগাঁও জোড়পুকুর ভরাটে প্রশাসনের অভিযান, কঠোর বার্তা ইউএনও’র

মোঃ খোরশেদ আলম: কুমিল্লার লাকসাম পৌর শহরের পশ্চিমগাঁও জোড়পুকুর এলাকায় শতবর্ষী একটি পুকুর রাতের আঁধারে ভরাট করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় উপজেলা প্রশাসন।

রোববার (১০ মে) সন্ধ্যায় লাকসাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নার্গিস সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে পুকুর ভরাটের সত্যতা পাওয়া গেলে ভরাটকৃত কয়েক লাখ টাকার বালু প্রকাশ্য নিলামে বিক্রির ঘোষণা দেওয়া হয়। তবে অভিযানের সময় ভরাটকারীদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

স্থানীয়দের অভিযোগ, লাকসাম-শ্রীয়াং সড়কের পশ্চিমগাঁও জোড়পুকুরের পূর্ব পাশের বিশাল পুকুরটি একটি প্রভাবশালী চক্র গোপনে ভরাট করে ফেলছে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

অভিযানকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমা, পুলিশ সদস্যসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় পুকুর, খাল, ডোবা ও জলাশয় ভরাটের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালামের নির্দেশনায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button