পরকীয়া প্রেমের টানে পালানো ইমামের শেষ রক্ষা হয়নি, গাছে বেঁধে গণপিটুনি

নজরুল ইসলাম বাদল: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা-এ পরকীয়ার সম্পর্কের জেরে দুই সন্তানের জননীকে নিয়ে পালিয়ে যাওয়া এক মসজিদের ইমামকে অবশেষে কৌশলে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।
মঙ্গলবার (১২ মে) সকাল ১১টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম মো. আক্তার হোসেন (৩০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার জালালপুর গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে। স্থানীয় গহরদী মধ্যপাড়া জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ মে একই গ্রামের দুই সন্তানের জননী এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে হঠাৎ উধাও হয়ে যান ইমাম আক্তার হোসেন। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করলে ওই নারীর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর দুই দিন পরে ব্রাহ্মণবাড়িয়ার জালালপুর এলাকা থেকে তাকে উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে আনেন।
এরপরও থেমে থাকেননি অভিযুক্ত ইমাম। মঙ্গলবার সকালে তিনি ওই নারীকে মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে ৫০ হাজার টাকা নিয়ে গোপালদী বাজারে আসতে বলেন। তবে এসএমএসটি পরিবারের সদস্যদের নজরে পড়ে গেলে তারা কৌশলে তাকে ধরার পরিকল্পনা করেন।
পরিকল্পনা অনুযায়ী, পরিবারের সদস্য ও স্থানীয় গ্রামবাসী আগে থেকেই গোপালদী বাজারের সিএনজি স্ট্যান্ড এলাকায় অবস্থান নেন। পরে ইমাম আক্তার হোসেন সিএনজিযোগে সেখানে পৌঁছালে স্থানীয়রা তাকে আটক করে গহরদী এলাকায় নিয়ে যান। এ সময় উত্তেজিত জনতা তাকে একটি গাছের সঙ্গে বেঁধে গণপিটুনি দেয়।
খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
এ বিষয়ে আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) বাসেদ জানান, অভিযুক্ত ইমাম বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



