সাতকানিয়ায় পুলিশের চিরুনি অভিযান: হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে একটি আলোচিত হত্যা মামলার এজাহারনামীয় আসামিসহ মোট দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৫ মে) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মোঃ হেলাল উদ্দিন (২৮) একটি চাঞ্চল্যকর হত্যা মামলার (২০২৫ সালের মার্চ মাসে দায়েরকৃত) প্রধান অভিযুক্তদের একজন। তার বিরুদ্ধে পূর্বেও হত্যাচেষ্টা ও দাঙ্গার অভিযোগে আরও একটি মামলা রয়েছে। তিনি উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা উত্তর পাড়ার রফিক আহাম্মদের ছেলে।

গ্রেপ্তারকৃত অপর আসামি নায়েম উদ্দিন একটি সিআর (প্রতারণা) মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর তাকে ঢাকার পল্লবী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার উত্তর ঢেমশা বিল্যাপাড়ার বাসিন্দা কামাল উদ্দিনের ছেলে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল পৃথক এই অভিযানগুলো পরিচালনা করে। গ্রেপ্তারকৃত দুই আসামিকে আইনি প্রক্রিয়া শেষে পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।



