আন্তর্জাতিক

পাকিস্তানে চলন্ত ট্রেনে ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ২৪

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় একটি যাত্রীবাহী শাটল ট্রেনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (২৪ মে) সকালে সংঘটিত এই প্রাণঘাতী হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জনেরও বেশি মানুষ, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস পাকিস্তান (এপিপি) রেলওয়ে কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, শাটল ট্রেনটি কোয়েটা ক্যান্টনমেন্ট এলাকা থেকে রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিল। সকাল ৮টার কিছু সময় পর ট্রেনটি চামান ফটকের কাছাকাছি পৌঁছালে শক্তিশালী এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে ট্রেনের কয়েকটি বগি দুমড়েমুচড়ে যায় এবং আশপাশের বাড়িঘর ও যানবাহনে আগুন ধরে যায়। এছাড়া আশপাশের ভবনের জানালার কাঁচ ভেঙে পড়ার খবর পাওয়া গেছে।

নিষিদ্ধ ঘোষিত বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) ইতিমধ্যে এই হামলার দায় স্বীকার করেছে। এক বিবৃতিতে সংগঠনটি দাবি করেছে, তাদের একজন ‘ফিদায়ী’ বা আত্মঘাতী সদস্য পাকিস্তানি সামরিক বাহিনীর সদস্যদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। তবে পাকিস্তান কর্তৃপক্ষ এখনো হতাহতদের পেশাগত পরিচয় বা বিস্ফোরণের সঠিক ধরন সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

স্থানীয় পুলিশ ও চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের কোয়েটার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। উদ্ধার তৎপরতা ত্বরান্বিত করতে ঘটনাস্থলে রেসকিউ ট্রাক এবং একটি বিশেষ ত্রাণবাহী ট্রেন পাঠানো হয়েছে।

পাকিস্তানের বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর তৎপরতা দীর্ঘদিনের। সাম্প্রতিক সময়ে সেখানে সরকারি স্থাপনা ও যাতায়াত ব্যবস্থার ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। আজকের এই ভয়াবহ হামলার পর পুরো প্রদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং হতাহতদের চূড়ান্ত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button