
রাকিব হোসেন হৃদয়: নারায়ণগঞ্জের ফতুল্লা ৪নং ওয়ার্ডের মডেল গার্মেন্টস এলাকায় দীর্ঘদিন ধরে তীব্র জলাবদ্ধতার সমস্যা দেখা দিয়েছে। সামান্য বৃষ্টি হলেই সড়ক ও আশপাশের এলাকা পানিতে তলিয়ে যাচ্ছে, ফলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, শ্রমিক ও বিভিন্ন শ্রেণির মানুষ।
স্থানীয়দের অভিযোগ, জেলা পরিষদ এলাকা থেকে মডেল গার্মেন্টস পর্যন্ত প্রায় এক কিলোমিটারের বেশি সড়ক নিয়মিতভাবে পানিতে ডুবে যায়। এতে রিকশা, অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চলাচল প্রায় অচল হয়ে পড়ে।পোশাক শিল্প কারখানায় কর্মরত শ্রমিকরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। অনেক সময় হাঁটুসমান পানি ভেঙে কর্মস্থলে যাতায়াত করতে হচ্ছে। এতে একদিকে যেমন সময় নষ্ট হচ্ছে, অন্যদিকে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
স্থানীয় ব্যবসায়ীরাও জানিয়েছেন, জলাবদ্ধতার কারণে দোকানপাটে ক্রেতা কমে গেছে এবং ব্যবসায় আর্থিক ক্ষতি হচ্ছে। কোথাও কোথাও দোকানে পানি প্রবেশ করে পণ্য নষ্ট হওয়ার ঘটনাও ঘটছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টি হলেই পুরো এলাকা দ্রুত পানিতে তলিয়ে যায়। দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও স্থায়ী সমাধানে কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর।এলাকাবাসীর দাবি, দ্রুত ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও পানি নিষ্কাশনের স্থায়ী সমাধান না হলে এই ভোগান্তি আরও বাড়বে।
স্থানীয়রা জানান, “প্রতিবার বৃষ্টি হলেই আমাদের জীবন দুর্বিষহ হয়ে পড়ে। রাস্তা পানিতে ডুবে যায়, চলাচল বন্ধ হয়ে যায়। শিশু, নারী ও বৃদ্ধরা সবচেয়ে বেশি কষ্টে পড়ে।”তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে দ্রুত জলাবদ্ধতার স্থায়ী সমাধান করে জনদুর্ভোগ লাঘব করা হয়।



