মাঠ পর্যায়ের ভূমি কর্মকর্তাদের সম্পদের হিসাব জমার নির্দেশ
অনলাইন ডেস্ক: ভূমি প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহি এবং সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে মাঠ পর্যায়ে কর্মরত রাজস্ব প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারীর সম্পদের বিবরণী জমা দেওয়ার কঠোর নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। আগামী ২৫ জুন ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত ছকে যাবতীয় তথ্যাদি প্রস্তুত করে মন্ত্রণালয়ে দাখিল করতে বলা হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এর আগে একাধিকবার নির্দেশনা দেওয়া হলেও মাঠ পর্যায়ের অনেক কর্মকর্তা ও কর্মচারী এখনো তাদের সম্পদের হিসাব দাখিল করেননি। কেন্দ্রীয়ভাবে তথ্য হালনাগাদ ও ডিজিটাল ডাটাবেজ তৈরির প্রক্রিয়া জোরদার করতে এবার সময়সীমা বেঁধে দিয়ে বিশেষ কড়াকড়ি আরোপ করা হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের এই নির্দেশনার আওতায় কানুনগো, সার্ভেয়ার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা, প্রসেস সার্ভার, অফিস সহায়ক, চেইনম্যান এবং নিরাপত্তা প্রহরীসহ উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসের সকল কর্মচারী অন্তর্ভুক্ত থাকবেন। তবে এই বিশেষ নির্দেশনার আওতামুক্ত রাখা হয়েছে সহকারী কমিশনারদের (ভূমি) বা এসিল্যান্ডদের।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো মাঠ পর্যায়ের ভূমি প্রশাসনে সুশাসন প্রতিষ্ঠা করা। সরকারি কর্মচারীদের আর্থিক তথ্যাদি নিয়মিত সংরক্ষণ ও পর্যালোচনার মাধ্যমে প্রশাসনিক স্বচ্ছতা বৃদ্ধি এবং যেকোনো ধরণের অনিয়ম রোধে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, নির্ধারিত ২৫ জুনের মধ্যে কোনো কর্মকর্তা বা কর্মচারী যদি তাঁর সম্পদের বিবরণী দাখিল করতে ব্যর্থ হন, তবে তাঁর বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, ভূমি মন্ত্রণালয়ের এই সময়োচিত সিদ্ধান্ত মাঠ পর্যায়ের ভূমি অফিসের কার্যক্রমকে আরও স্বচ্ছ ও শক্তিশালী করবে, যার সুফল সরাসরি সাধারণ সেবাগ্রহীতারা পাবেন।



