চট্টগ্রামমানববন্ধন

প্রকৌশলীদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

দুলাল শিকদার: দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ঘটনার তীব্র নিন্দা ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস বাংলাদেশের

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর দুই প্রকৌশলীর ওপর হামলা, লাঞ্ছনা ও হেনস্তার ঘটনার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস বাংলাদেশ (এফইএবি), চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে রবিবার (১৪ জুন) সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্র প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ৯ জুন পিডিবির নির্বাহী প্রকৌশলী নিলুফারিন আক্তার এবং সহকারী প্রকৌশলী মেহেদী হকের ওপর শ্রমিক সংগঠন সিবিএ, কিছু কর্মচারী ও বহিরাগত সন্ত্রাসীদের মাধ্যমে শারীরিক লাঞ্ছনা ও হেনস্তার ঘটনা ঘটে। এ ধরনের ঘটনা শুধু সংশ্লিষ্ট দুই প্রকৌশলীর জন্য নয়, বরং সমগ্র প্রকৌশলী সমাজের জন্য অপমানজনক ও উদ্বেগজনক বলে মন্তব্য করেন তারা।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্রের উপদেষ্টা প্রকৌশলী মোহাম্মদ মিয়া তালুকদার।

এ সময় সংগঠনের সহকারী সম্পাদক প্রকৌশলী মোঃ অহিদুল ইসলাম-এর সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ তাজুল ইসলাম, অর্থ সম্পাদক প্রকৌশলী মেজবাহউদ্দিন খালেদ, সিনিয়র সদস্য প্রকৌশলী ফেরদৌস আহমেদ এবং প্রকৌশলী মোঃ তৌহিদুল আনোয়ার।

প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী মোহাম্মদ মিয়া তালুকদার বলেন, “দেশের অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ, পানি ও অন্যান্য গুরুত্বপূর্ণ সেবা নিশ্চিত করতে প্রকৌশলীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শুধু বাংলাদেশ নয়, সমগ্র বিশ্বের আধুনিক সভ্যতা নির্মাণ ও পরিচালনার পেছনে প্রকৌশলীদের অবদান অনস্বীকার্য। অথচ অত্যন্ত দুঃখজনকভাবে প্রকৌশলী সমাজ বারবার অবহেলা ও হয়রানির শিকার হচ্ছে।”

তিনি আরও বলেন, “নির্বাহী প্রকৌশলী নিলুফারিন আক্তার এবং সহকারী প্রকৌশলী মেহেদী হকের ওপর যে ন্যক্কারজনক হামলা ও শারীরিক লাঞ্ছনার ঘটনা ঘটেছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের বর্বরোচিত কর্মকাণ্ড সংঘটনের সাহস না পায়।”

বক্তারা বলেন, রাষ্ট্রের উন্নয়ন কর্মকাণ্ডে প্রকৌশলীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি। সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে কোনো কর্মকর্তা বা প্রকৌশলী যদি হামলা, হুমকি কিংবা লাঞ্ছনার শিকার হন, তাহলে তা প্রশাসনিক শৃঙ্খলা ও সেবার মানকে ক্ষতিগ্রস্ত করবে।

মানববন্ধন থেকে অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত, জড়িতদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবি জানানো হয়। একইসঙ্গে ভবিষ্যতে প্রকৌশলী ও সরকারি কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানের শেষে দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্রের পক্ষ থেকে উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একটি বিবৃতি প্রদান করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, প্রকৌশলীদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন এবং এ ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button