আইন-শৃঙ্খলা

পুলিশের ঝটিকা অভিযানে মাদক কারবারি ও রাজনৈতিক নেতাসহ ৯ জন গ্রেপ্তার

রাঙামাটি জেলা প্রতিনিধি: রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে ২২টি মামলার পরোয়ানাভুক্ত এক দুর্ধর্ষ মাদক কারবারি এবং জেলা ও পৌর পর্যায়ের দুই রাজনৈতিক নেতাসহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে। রোববার (২১ জুন) রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশ এই সাঁড়াশি অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই ঝটিকা অভিযান চালায়।

অভিযানের সবচেয়ে বড় সাফল্য হলো ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত সজল দাশকে (৩৩) গ্রেফতার। পুলিশ জানায়, সজলের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ ২২টি মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর আজ ১৫ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। সজল শহরের কাঁঠালতলী এলাকার মৃত দিলীপ দাশের ছেলে। এছাড়া তবলছড়ি এলাকার অনিক (২০) নামে এক যুবককে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।

অভিযানে দুই জন প্রভাবশালী রাজনৈতিক নেতাকেও গ্রেফতার করা হয়েছে। তারা হলেন—রাঙামাটি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাফিন মাহমুদ চৌধুরী প্রিয় (২৯) এবং রাঙামাটি পৌর শ্রমিক লীগের সহ-সভাপতি আবুল কালাম (৬১)। এ ছাড়াও ভেদভেদী এলাকা থেকে মো. সোহেল (২৭) নামে এক চিহ্নিত চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত অন্যদের মধ্যে রয়েছেন মিরাজ (২৭), আজিজুল ইসলাম নাহিদ (২৮), আলভী জাবরান ওরফে তানহা (৩৪) এবং মজিদ (২৪)। তাদের বিরুদ্ধে মাদক সেবন করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ রয়েছে।

কোতোয়ালি থানার ওসি মো. জসীম উদ্দীন জানান, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলের লক্ষে এই বিশেষ অভিযান চালানো হয়েছে। গ্রেফতারকৃত ৯ আসামিকে আইনি প্রক্রিয়া শেষে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এমন জিরো টলারেন্স নীতি ও অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে তিনি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button