চট্টগ্রাম বিভাগ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

‘ভোল পাল্টে যুবলীগ নেতাই এখন জিয়া সাইবার ফোর্সের শীর্ষ পদে!’ শীর্ষক সংবাদের তীব্র প্রতিবাদ

গত ১৭ মে, ২০২৬ তারিখ সোমবারে অপরাধ বিচিত্রা সহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে “ভোল পাল্টে যুবলীগ নেতাই এখন ‘জিয়া সাইবার ফোর্স’র শীর্ষ পদে!” শিরোনামে আমাকে (জসিম উদ্দিন ভূঁইয়া) জড়িয়ে যে সংবাদটি প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিকভাবে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা মাত্র। আমি উক্ত মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবেদনে যুবলীগের সঙ্গে সম্পৃক্ততার মিথ্যা দাবি: প্রকাশিত সংবাদে দাবি করা হয়েছে, ২০২১ সালের পেরুল দক্ষিণ ইউনিয়ন যুবলীগের কমিটিতে ৪৯ নম্বর সদস্য হিসেবে আমার নাম ছিল। যা সম্পূর্ণ অসত্য ও কাল্পনিক। আমি কখনোই আওয়ামী লীগ বা যুবলীগের কোনো স্তরের রাজনীতির সাথে যুক্ত ছিলাম না এবং কোনো কমিটিতে আমার নাম থাকার প্রশ্নই ওঠে না।  এছাড়া সেসময় আমি কুয়েতেই ছিলাম। রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করতে একটি মহল জালিয়াতির আশ্রয় নিয়ে এমন ভুয়া তথ্য ছড়িয়েছে। ভুয়া ঐ কমিটির তালিকায় আমার নামের পাশে যে মোবাইল নাম্বারটি ব্যবহার করা হয়েছে, সেটি আমার কিংবা আমার পরিবারের কোনো সদস্যের নয়। এবং নাম্বারটি আমাদের কারও জাতীয় পরিচয় পত্র দ্বারা নিবন্ধিত নয়।

অনলাইন পোর্টাল ও সাংবাদিকতা প্রসঙ্গ: প্রতিবেদনে ‘লালমাই প্রতিদিন’ নামক পোর্টালটিকে অনুমোদনহীন বলা হয়েছে। পোর্টালটিতে বর্তমান ডিজিটাল বাংলাদেশে সরকারের আইন মেনে নিয়মতান্ত্রিকভাবেই সংবাদ প্রকাশ করা হচ্ছে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার কারণে একটি স্বার্থান্বেষী মহল আমার ওপর ক্ষুব্ধ হয়ে এই অপপ্রচার চালাচ্ছে। এছাড়াও পোর্টালটির অনুমোদনের প্রক্রিয়া চলমান রয়েছে।

হুন্ডি ব্যবসার মিথ্যা অভিযোগ: কোনো প্রকার প্রমাণ বা সত্যতা ছাড়াই সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে ‘অবৈধ হুন্ডি ব্যবসা’র মতো গুরুতর ও ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে, যা আমার সামাজিক ও ব্যবসায়িক মর্যাদাকে ধূলিসাৎ করার শামিল। সংবাদে খোদ প্রতিবেদকই স্বীকার করেছেন যে এই অভিযোগের কোনো সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। সত্যতা ছাড়া এমন স্পর্শকাতর তথ্য প্রকাশ করা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। আমি দীর্ঘ ২০ বছর যাবৎ একজন রেমিট্যান্স যোদ্ধা হিসেবে  কুয়েতে অবস্থান করছি। আমি কুয়েতে মার্কেটিং সেক্টরে চাকরীর পাশাপাশি  গাড়ির ব্যবসার সাথে জড়িত আছি। আমি কখনোই অবৈধ হুন্ডি ব্যবসা’র সাথে জড়িত ছিলাম না৷

এছাড়া আমি জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস এর কুয়েত প্রতিনিধি হিসেবে কর্মরত আছি এবং বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েত শাখার প্রচার সম্পাদকের দায়িত্বে আছি।

রাজনৈতিক অবস্থান: আমি দীর্ঘদিন ধরে শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদী শক্তির পক্ষে কাজ করে যাচ্ছি। বর্তমানে ‘জিয়া সাইবার ফোর্স’ কুমিল্লা দক্ষিণ জেলা কমিটির দায়িত্ব পাওয়ার পর থেকে একটি ঈর্ষাপরায়ণ মহল রাজনৈতিক প্রতিহিংসাবশত আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্রমূলক সংবাদটি প্রকাশ করিয়েছে। উক্ত প্রতিবেদনটিতে লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী মীর পিন্টুর ভুতুড়ে বক্তব্য প্রকাশ করা হয়েছে। বাস্তবে তিনি এই প্রতিবেদন সম্পর্কে কাউকে কোনো প্রকার বক্তব্য দেননি বলে আমাকে জানিয়েছেন। আমি হলুদ সাংবাদিকতার নামে চাঁদাবাজ সাংবাদিকদের বিরুদ্ধে সোচ্চার থাকায় একটি ভুয়া সাংবাদিক মহল আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ফেইক আইডির মাধ্যমে তারা আমার বিরুদ্ধে ভিত্তিহীন মনগড়া ভুয়া তথ্য ছড়াচ্ছে। এ বিষয়ে একাধিকবার আমি লালমাই থানায় সাধারণ ডায়েরি করিয়েছি।

আমি স্পষ্টভাবে জানাতে চাই, আমি কোনো ‘ভোল্ট পাল্টানো’ রাজনীতিক নই। বিগত ফ্যাসিবাদের সময়েও আমি দলের প্রতি অনুগত ছিলাম। এই কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আমার গ্রহণযোগ্যতা নষ্ট করার এবং দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির একটি অপপ্রয়াস মাত্র।

আমি সংশ্লিষ্ট গণমাধ্যম কর্তৃপক্ষকে এই বিভ্রান্তিকর সংবাদটি প্রত্যাহার করে আমার এই প্রতিবাদলিপিটি যথাযথ গুরুত্বের সাথে প্রকাশের অনুরোধ জানাচ্ছি। অন্যথায়, মিথ্যা তথ্য দিয়ে সামাজিক ও রাজনৈতিকভাবে মানহানি করার অপরাধে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব।

প্রতিবাদকারী:

জসিম উদ্দিন ভূঁইয়া, একজন রেমিট্যান্স যোদ্ধা।

এ বিষয়ে প্রতিবেদকের বক্তব্য পরবর্তীতে প্রকাশ করা হব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button