প্রশাসন

সীমান্তে কঠোর নজরদারি, বিজিবির হাতে আধুনিক এন্টি-ড্রোন সিস্টেম

নিজস্ব প্রতিবেদক: সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী করতে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থার অংশ হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের কার্যক্রমে এন্টি-ড্রোন সিস্টেম যুক্ত করেছে। সীমান্তে অনুপ্রবেশ, অবৈধ নজরদারি, চোরাচালান ও মাদক পাচারের মতো অপরাধ দমনে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন।

কক্সবাজার বিজিবির ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল মোহাম্মদ আনোয়ারুল আলম জানান, বর্তমানে সীমান্ত এলাকায় বিজিবির চারটি এন্টি-ড্রোন সিস্টেম সার্বক্ষণিক মোতায়েন রয়েছে। আধুনিক এই প্রযুক্তির মাধ্যমে সীমান্ত আকাশসীমায় সন্দেহজনক ড্রোন শনাক্ত, পর্যবেক্ষণ এবং প্রয়োজনে কার্যকরভাবে প্রতিহত করা সম্ভব হচ্ছে।

তিনি আরও জানান, এসব সিস্টেম ব্যবহার করে ইতোমধ্যে সীমান্ত এলাকায় অনুপ্রবেশকারী বেশ কয়েকটি বাণিজ্যিক (কমার্শিয়াল) ড্রোন সফলভাবে প্রতিহত করা হয়েছে। এতে সীমান্ত এলাকায় নিরাপত্তা ঝুঁকি কমানোর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির সক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শুধু এন্টি-ড্রোন সিস্টেমই নয়, সীমান্তে নজরদারি বাড়াতে বিজিবি নিজস্ব ড্রোনের ব্যবহারও সম্প্রসারণ করেছে। বিশেষ করে দুর্গম ও ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় আকাশপথে নজরদারির মাধ্যমে মাদক পাচার, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দ্রুত শনাক্ত ও প্রতিরোধ করা সম্ভব হচ্ছে।

বিজিবির কর্মকর্তারা মনে করছেন, প্রযুক্তিনির্ভর এই নিরাপত্তা ব্যবস্থা সীমান্ত ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করবে। একই সঙ্গে দেশের সীমান্তকে আরও নিরাপদ ও সুরক্ষিত রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ভবিষ্যতেও বাড়ানো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button