আইন-শৃঙ্খলা

বায়েজিদে দেশীয় শর্টগান ও তাজা কার্তুজসহ দুই যুবক গ্রেফতার

মুহাম্মদ জুবাইর: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন কামরাবাদ এলাকার আতুরার ডিপোতে পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি শর্টগান ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. হাসান মোস্তফা স্বপনের নির্দেশনায় বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল করিমের নেতৃত্বে এসআই পুলক চন্দ্র মণ্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে স্পেশাল-৩৪ ডিউটি পালন করছিলেন। এ সময় কামরাবাদের আতুরার ডিপো এলাকায় সৈয়দ কোম্পানির বিল্ডিংয়ের নিচতলায় মেসার্স রাইসা স্টোরের সামনে স্থাপিত চেকপোস্টে সন্দেহজনকভাবে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. তৌহিদুল ইসলাম সামির (২২), পিতা মো. সুমন, মাতা সেলিনা আক্তার। তার বাড়ি পূর্ব শহীদনগরের আবুল বশরের বাড়ি, বায়েজিদ বোস্তামী থানাধীন এলাকায়। অপরজন মো. আলমগীর হোসেন সজীব (২০), পিতা মোহাম্মদ আলম, মাতা জাহানারা বেগম। তার স্থায়ী বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর এলাকায় হলেও বর্তমানে তিনি বায়েজিদ বোস্তামীর আতুরার ডিপো এলাকার মীরপাড়ায় বসবাস করেন।

পুলিশের প্রাথমিক তল্লাশিতে তাদের হেফাজত ও দখল থেকে একটি লোহার তৈরি দেশীয় শর্টগান এবং পাঁচ রাউন্ড তাজা শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

সিএমপি সূত্র জানায়, নগরীতে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে বায়েজিদ বোস্তামী থানায় মামলা নং-৫৯, তারিখ ২৬ জুন ২০২৬, রুজু করা হয়েছে। মামলার তদন্তের মাধ্যমে অস্ত্রটির উৎস, সম্ভাব্য ব্যবহার এবং এর সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা অপরাধচক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত চেকপোস্ট, টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button