আকবরশাহে বিশেষ অভিযানে পেশাদার চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

মুহাম্মদ জুবাইর: চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে একটি পেশাদার চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চোরাইকৃত দুটি ল্যাপটপ ও একটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আকবরশাহ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)-এর নেতৃত্বে এসআই রবিউল হোসেন, এএসআই মেজবাহ উদ্দিন, এএসআই মো. জসিম উদ্দিন এবং সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ জুলাই) আকবরশাহ থানাধীন ইস্পাহানী সি গেট এবং পাহাড়তলী থানাধীন নতুনপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে আকবরশাহ থানার মামলা নং-৪০, তারিখ ২৮ জুন ২০২৬, ধারা ৪৫৭/৩৮০/৪২৭-এর এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, তাকবির হোসেন রিয়াদ (২৫), নুরুন্নবী (২২), রাকিব হোসেন (২৪) এবং ইউনুস হৃদয় প্রকাশ বড় বাচা (৪৮)।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাদের দখল থেকে চোরাইকৃত দুটি ল্যাপটপ ও একটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া আলামত জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা একটি সক্রিয় পেশাদার চোর চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত চলমান রয়েছে এবং চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও অনুসন্ধান অব্যাহত রয়েছে।
আকবরশাহ থানা পুলিশ জানিয়েছে, নগরীতে চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার হওয়া চার আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



