চট্টগ্রাম

চট্টগ্রামের মুরাদপুরে যুবককে গুলি করে হত্যা

মুহাম্মদ জুবাইর: চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর ফরেস্ট গেইট এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে আজাদ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাত আনুমানিক ৩টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভোররাতে মুরাদপুর এলাকার ফরেস্ট গেইট সংলগ্ন সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা আজাদকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।

স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আজাদ (২৫) পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার হাকিম শাহ হুজুরের বাড়ির বাসিন্দা। তার পিতার নাম রশীদ।

ঘটনার পর খবর পেয়ে পাঁচলাইশ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহসহ তদন্ত কার্যক্রম শুরু করে। এ ঘটনায় কারা জড়িত এবং কী কারণে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ, হত্যার উদ্দেশ্য এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে ঘটনার বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button