
মামুন খান
ঢাকার কেরাণীগঞ্জে ইয়াবা উৎপাদন ও সরবরাহকারী একটি চক্রের আস্তানায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৬৮ পিস ইয়াবা, ইয়াবা তৈরির বিভিন্ন কাঁচামাল, যন্ত্রপাতি, পাঁচটি মোবাইল ফোন এবং একটি ওজন পরিমাপক যন্ত্র জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, গত ৩০ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে র্যাব-১০-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানার মধ্যচর দক্ষিণ বালুরচর এলাকায় একটি ইয়াবা উৎপাদন ও ক্রয়-বিক্রয় চক্রের আস্তানায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১ হাজার ৯৬৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৯০ হাজার ৪০০ টাকা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. আলমগীর ওরফে আন্ডে (৪০), পিতা: মৃত সবুর, সাং- চাঙ্গেরপুল, থানা- বংশাল; মো. আলী আরমান (৩৬), পিতা: মো. কামরুদ্দীন, সাং- বাবর রোড, থানা- মোহাম্মদপুর, ডিএমপি, ঢাকা; মো. শাহজাহান (৪০), পিতা: মো. কাশেম, থানা- সাভার, জেলা- ঢাকা এবং সোনিয়া (৩০), পিতা: মৃত শফিক, সাং- রিংরোড, থানা- আদাবর, ডিএমপি, ঢাকা।



