গৌরনদীতে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ফাইনাল খেলার উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা (উত্তর) বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, মো. আসাদুজ্জামান রিপন, চাঁদশী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আকবর হোসেন মোল্লা, আগৈলঝাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামান, বরিশাল জেলা (উত্তর) যুবদলের সদস্য তরিকুল ইসলাম কাফি, পৌর যুবদলের সদস্যসচিব গোলাম মাহতাব ও গাজী স্বপনসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী আসাদুজ্জামান।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বলেন, শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, তাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানো এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যেই এ আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত করা হলে তাদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধও বাড়বে।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে ঘিরে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।



