বুড়িচং প্রেস ক্লাব-এর লোগো ও নাম অবৈধ ব্যবহারের অভিযোগে কাজী খোরশেদ আলমকে আইনি নোটিশ

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:
সরকারি অনুমোদনপ্রাপ্ত ও নিবন্ধিত সংগঠন “বুড়িচং প্রেস ক্লাব” (রেজি নং-৪০৮)-এর নাম, লোগো, পদবী ও ব্র্যান্ড পরিচিতি বেআইনি ও অননুমোদিতভাবে ব্যবহারের অভিযোগে কাজী খোরশেদ আলম নামে এক ব্যক্তির বিরুদ্ধে আইনগত নোটিশ পাঠানো হয়েছে।
গত ২৫ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে বুড়িচং প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মো: আহসানউজ্জামান-এর পক্ষে কুমিল্লা জেলা জজ আদালতের আইনজীবী এডভোকেট মো: সেলিম হোসেন এই নোটিশ প্রেরণ করেন। নোটিশগ্রহীতা কাজী খোরশেদ আলম বুড়িচং উপজেলার হরিপুর গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে।
আইনি নোটিশে উল্লেখ করা হয়, “বুড়িচং প্রেস ক্লাব” গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত (রেজি নং-৪০৮) একটি বৈধ সংগঠন। সংগঠনটির নাম কপিরাইটকৃত এবং লোগো ট্রেডমার্ক (CRA-31422) অনুমোদনপ্রাপ্ত। কিন্তু সম্প্রতি অভিযুক্ত কাজী খোরশেদ আলম কোনো বৈধ অনুমোদন ছাড়াই বুড়িচং প্রেস ক্লাবের নাম, লোগো ও বিভিন্ন পদবী ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক, ইউটিউব), ব্যানার, পোস্টার, ফেস্টুন, ভিজিটিং কার্ড এবং প্যাডে নিজেদের পরিচয় উপস্থাপন করছেন। এর ফলে জনসাধারণের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
নোটিশে অভিযুক্তকে নিম্নোক্ত নির্দেশনা প্রদান করা হয়েছে:
অবিলম্বে বুড়িচং প্রেস ক্লাবের নাম, লোগো ও পদবীর অননুমোদিত ব্যবহার সম্পূর্ণ বন্ধ করা।
ফেসবুক পেজ/প্রোফাইল, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইটসহ সকল প্রচার সামগ্রী থেকে প্রেস ক্লাবের নাম ও লোগো অপসারণ করা।
নিজেদের বুড়িচং প্রেস ক্লাবের কর্মকর্তা বা সদস্য হিসেবে পরিচয় দেওয়া থেকে বিরত থাকা। নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে লিখিতভাবে এই অননুমোদিত ব্যবহার বন্ধের বিষয়টি নিশ্চিত করা।
নির্ধারিত সময়ের মধ্যে এসব নির্দেশনা মেনে না চললে অভিযুক্তের বিরুদ্ধে দেওয়ানী ও ফৌজদারী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।
উল্লেখ্য, উক্ত আইনি নোটিশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লার জেলা প্রশাসক, বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নিকট প্রেরণ করা হয়েছে।



