
নজরুল ইসলাম বাদল :
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বর্ণাঢ্য জশনে জুলুস ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জশনে জুলুসে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে উপজেলার বিভিন্ন সড়ক পরিণত হয় উৎসবমুখর জনসমুদ্রে।
শাহবাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ হোসাইন শাহবাজী হুজুরের নির্দেশনায় আয়োজিত জশনে জুলুসটি গোলাকান্দাইল খানকা শরিফ থেকে শুরু হয়। পরে শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভুলতা গাউছিয়া ফ্লাইওভারের নিচে গিয়ে শেষ হয়।
জুলুসে অংশ নেওয়া মুসল্লিদের কণ্ঠে হামদ-নাত, দরূদ শরিফ ও নবীপ্রেমের বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় অনেকের হাতে ছিল ধর্মীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জশনে জুলুসটি পরিণত হয় বর্ণাঢ্য শোভাযাত্রায়।
অনুষ্ঠানে বক্তব্য দেন নূরুল আলম সিদ্দিকী, হাসান, মীর ও সুহাগ। বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ এবং তাঁর শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে পারস্পরিক ভ্রাতৃত্ব, শান্তি ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।
জশনে জুলুস চলাকালে ভুলতা ফাঁড়ির ইনচার্জ রজু আহমেদ ও তাঁর টিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
পরে গাউছিয়া এলাকায় শাহবাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ হোসাইন শাহবাজী হুজুরের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিল। এতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।



