আইন-শৃঙ্খলা

ইয়াবাসহ আকবরশাহে ৩ মাদক কারবারি গ্রেপ্তার

মুহাম্মদ জুবাইর: চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার বায়েজিদ লিংক রোডের ৬ নম্বর ব্রিজ চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে আকবরশাহ থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে থানার এসআই সৈয়দ মাইন উদ্দিন আহমদ ফয়সাল, এএসআই ওয়ালিউল্লাহসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ লিংক রোডের ৬ নম্বর ব্রিজ চেকপোস্টে তল্লাশি চালানোর সময় তিন ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কক্সবাজারের উখিয়া থানাধীন বালুখালী-২-এর রহিঙ্গা ক্যাম্প-১১-এর বাসিন্দা আবু মুসা ওরফে রফিক (২৬), জানে আলম (২৭) ও মো. ইয়াছের (২৫)।

অভিযানকালে তাদের কাছ থেকে ইয়াবার পাশাপাশি একটি কাঠের রামদা, একটি কাঠের হাতুড়ি, প্লাস্টিকের হাতলযুক্ত একটি চিকন বাটালি এবং কাঠের হাতলযুক্ত একটি রেতিও উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আকবরশাহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ)/৪১ ধারায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ৩৪, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button