চট্টগ্রামে ২ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগে সাব-রেজিস্ট্রারসহ ৩ জন গ্রেফতার

মুহাম্মদ জুবাইর: চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে ২ লাখ টাকা ঘুস গ্রহণের সময় সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) দুর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এর একটি ট্র্যাপ টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। দুদক সূত্রে জানা যায়, চট্টগ্রামের এক আইনজীবী তার মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রির জন্য পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দাখিল করেন। অভিযোগ অনুযায়ী, দলিল দুটিতে কোনো ত্রুটি না থাকলেও সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান রেজিস্ট্রির কাজ আটকে রাখেন। পরে সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম দলিল দুটি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য ২ লাখ টাকা ঘুস দাবি করেন বলে অভিযোগ করা হয়। এ অবস্থায় ভুক্তভোগী আইনজীবী দুদকের হটলাইন ১০৬-এ অভিযোগ করেন। পরবর্তীতে তিনি দুর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এ লিখিত আবেদন করেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশনের অনুমোদনক্রমে দুদকের একটি ট্র্যাপ টিম অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পাহাড়তলী সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম এবং অফিসের উমেদার রূপন দাশকে ২ লাখ টাকা ঘুস গ্রহণের সময় হাতেনাতে আটক করা হয়।
দুদক জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এ মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।



