আইন-শৃঙ্খলা

পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতাসহ ৭ জন গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেল ২ কিশোর

রাঙ্গামাটি, জেলা প্রতিনিধি: রাঙ্গামাটি শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় কোতোয়ালী থানা পুলিশের এক বিশেষ অভিযানে আওয়ামী লীগের স্থানীয় এক নেতাসহ বিভিন্ন অপরাধে জড়িত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মাদকসংশ্লিষ্টতায় আটক দুই কিশোরকে পরিবারের জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রাঙ্গামাটির জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে রোববার (৪ অক্টোবর) দিনভর বিভিন্ন স্থানে এই চিরুনি অভিযান পরিচালিত হয়।

অভিযানে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে রয়েছেন ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ জুনায়েদ (৩১), মোঃ ইব্রাহিম খলিল (২৩) ও মোঃ হৃদয় (২৪)।

এছাড়া চুরির অপরাধে মোঃ রাকিব (২০) নামে এক তরুণ এবং মাদক বিক্রির দায়ে মোঃ জাহিদ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পৃথক স্থানে মাদক সেবনের সময় হাতেনাতে গ্রেপ্তার হন জেকিসন তংচঙ্গা (২৯) ও পবিত্র চাকমা (২৭) নামে দুই ব্যক্তি।

অভিযান চলাকালে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ প্রাপ্ত সংবাদের ভিত্তিতে এবং স্থানীয় তথ্যের ভিত্তিতে মাদকসেবনে জড়িত থাকার সন্দেহে দুই কিশোরকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃতদের অভিভাবক ও পরিবারের আবেদনের প্রেক্ষিতে সংশোধনের সুযোগ দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মুচলেকা নিয়ে তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

কোতোয়ালী থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সাত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button