ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলা গুজবের আশঙ্কা উড়িয়ে পজিটিভ বার্তা কর্তৃপক্ষের

অপরাধ বিচিত্রা ডেস্ক: রাজধানীর মেরুল বাড্ডায় অবস্থিত বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ই-মেইলের মাধ্যমে বোমা হামলার হুমকির ঘটনা ঘটেছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঠিক ব্যবস্থাপনায় বর্তমানে ক্যাম্পাসে স্বাভাবিক ও নিরাপদ পরিবেশ বিরাজ করছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা সম্পূর্ণ নিরাপদে আছেন।
ঘটনার বিবরণে জানা যায়, গত রোববার সন্ধ্যায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে একটি অপরিচিত ই-মেইল ঠিকানা (TypicalChineseman@gmail.com) থেকে বোমা হামলার হুমকি সংবলিত বার্তা পাঠানো হয়। মেইলটিতে মঙ্গলবার ক্যাম্পাসে একাধিক বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। বার্তাটি পাওয়ার পরপরই কোনো ধরনের ঝুঁকি না নিয়ে শিক্ষার্থী ও কর্মীদের নিরাপত্তার স্বার্থে গত সোমবার (৫ অক্টোবর) বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জিডির পর অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসিরুল আমিন জানান, কারা এই হুমকি পাঠিয়েছে তা খুঁজে বের করতে তদন্ত চলছে। এছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবির খান জানান, এটি কোনো পোটেনশিয়াল হুমকি ছিল না এবং বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বর্তমানে ডিএমপির সাইবার টিম বিষয়টি নিয়ে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে।
শুরুতে ঘটনাটি ঘিরে শিক্ষক ও শিক্ষার্থীদের মনে কিছুটা আতঙ্ক ও দুশ্চিন্তার সৃষ্টি হলেও, বিশ্ববিদ্যালয় প্রশাসন অত্যন্ত পেশাদারিত্ব ও নিখুঁত দক্ষতার সাথে পরিস্থিতি মোকাবিলা করেছে। সাময়িক সে আতঙ্ক কাটিয়ে উঠে শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হয়েছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হুমকিটি হয়তো কোনো গুজব ছিল, আবার সত্যিও হতে পারতো—কিন্তু যেকোনো পরিস্থিতিতেই শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে কোনো আপস করা হয়নি। ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবসময় তাদের শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেয় এবং ভবিষ্যতেও সব সময় নিরাপদ পরিবেশ বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ।
বর্তমানে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি আলহামদুলিল্লাহ স্বাভাবিক, শান্ত ও নিরাপদ রয়েছে। কোনো ধরনের আতঙ্ক বা গুঞ্জনে কান না দিয়ে সকল শিক্ষার্থীকে স্বতঃস্ফূর্তভাবে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে অ্যাকাডেমিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।



