প্রশাসন

নিরাপদ সড়ক, নিরাপদ জীবন-সচেতনতায় এগিয়ে আসুক আগামীর প্রজন্ম: চট্টগ্রাম জেলা পুলিশ

মুহাম্মদ জুবাইর: শিশুরাই আগামীর আলোকিত ভবিষ্যৎ। তাদের নিরাপদ সড়ক চলাচল নিশ্চিত করা, ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার লক্ষ্যে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম-এর নির্দেশক্রমে ট্রাফিক বিভাগ, চট্টগ্রাম জেলা পুলিশ বিশেষ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় আজ সকাল ১১টায় হাটহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে একটি প্রাণবন্ত ও শিশুবান্ধব সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), টি.আই (প্রশাসন), হাটহাজারী জোনে কর্মরত ট্রাফিক পুলিশের সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে ট্রাফিক পুলিশের সদস্যরা শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে মতবিনিময় করেন। এ সময় রাস্তা পারাপারের সঠিক নিয়ম, ফুটপাত ব্যবহার, ট্রাফিক সিগন্যাল মেনে চলা, জেব্রা ক্রসিং ব্যবহার এবং সড়কে চলাচলের সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের বিষয়ে সহজ ও আকর্ষণীয় ভাষায় দিকনির্দেশনা দেওয়া হয়।

পাশাপাশি নিরাপদ সড়ক চলাচলের গুরুত্বপূর্ণ নিয়মাবলি তুলে ধরে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। শিক্ষার্থীরা যেন নিজেরা এসব নিয়ম মেনে চলে এবং পরিবার ও আশপাশের মানুষকেও সচেতন করে-সে বিষয়েও তাদের উৎসাহিত করা হয়।

সড়ক নিরাপত্তার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করা, শ্রেণিকক্ষে মনোযোগী হওয়া, শিক্ষক ও পিতা-মাতার প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তোলার জন্য উৎসাহিত করা হয়। অপ্রয়োজনীয় মোবাইল ফোন ব্যবহার পরিহার করে পড়াশোনা, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সময় দেওয়ার পরামর্শও দেওয়া হয়।

ট্রাফিক পুলিশের সদস্যদের কাছে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ, উৎসাহ ও ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়। শিক্ষক ও অভিভাবকরাও পুলিশের এমন আন্তরিক, জনবান্ধব ও শিক্ষামূলক উদ্যোগের প্রশংসা করেন।

শিশুদের সঙ্গে পুলিশের এই হৃদ্যতাপূর্ণ যোগাযোগ শুধু সড়ক নিরাপত্তার বার্তাই পৌঁছে দেয়নি; একই সঙ্গে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে আস্থা, আন্তরিকতা এবং পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করেছে।

শিশুদের মনে সচেতনতার বীজ বপনের মধ্য দিয়ে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে চট্টগ্রাম জেলা পুলিশ ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button