প্রশাসন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ

অপরাধ বিচিত্রা ডেস্ক: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ, এসইউপি। গত ১২ অক্টোবর (২০২৬) বিদায়ী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি-এর কাছ থেকে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন। দীর্ঘ ২ বছর ১০ দিন মহাপরিচালকের দায়িত্ব সফলতার সঙ্গে পালন শেষে ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল মূল বাহিনী অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করেছেন।

দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের দিন সকাল ৯টায় নারায়ণগঞ্জের জলসিঁড়ি ফায়ার স্টেশনে যৌথভাবে গাছের চারা রোপণ করেন বিদায়ী ও নবনিযুক্ত মহাপরিচালক। পরবর্তীতে বেলা ১১টায় অধিদপ্তরে ‘মহাপরিচালকের বিদায়ী দরবার’ অনুষ্ঠিত হয়। সেখানে অধিদপ্তরের পরিচালকবৃন্দ, প্রকল্প পরিচালক, কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ এবং সর্বস্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়া দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা পর্যায় থেকে উপপরিচালক ও সহকারী পরিচালকসহ মাঠপর্যায়ের কর্মকর্তাগণ ভার্চুয়ালি (অনলাইনে) এ বিদায়ী দরবারে যুক্ত হন।

দুপুর ১২টায় অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে বিদায়ী মহাপরিচালকের কর্মময় জীবনের স্মৃতিচারণ করা হয়। বিদায়ী বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল প্রতিষ্ঠানে তার কাজের অভিজ্ঞতা তুলে ধরেন এবং কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, নিষ্ঠা ও অভূতপূর্ব সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর শেষে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে অধিদপ্তর ত্যাগ করেন।

পরবর্তীতে বিকেল ৪টায় নবনিযুক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওপর অর্পিত পবিত্র দায়িত্ব যথাযথভাবে পালনের তাগিদ দিয়ে বলেন, জনগণের জানমালের সুরক্ষা, অগ্নিনিরাপত্তা নিশ্চিতকরণ, যেকোনো দুর্ঘটনা ও দুর্যোগ মোকাবিলায় দ্রুত সাড়া প্রদান এবং উদ্ধার কার্যক্রমে পেশাগত দক্ষতা ও আন্তঃসংস্থার সমন্বয় বৃদ্ধিই হবে মূল লক্ষ্য। তিনি সকলের সম্মিলিত প্রচেষ্টায় সেবার মান উত্তরোত্তর উন্নত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর (২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ প্রদান এবং তৎকালীন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের আদেশ দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button