অন্যান্যপ্রশাসন

বিএনসিসির সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করলেন সেনাপ্রধান: দেশপ্রেম ও শৃঙ্খলার আহ্বান

​নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং ২০২৫-২৬-এর সমাপনী কুচকাওয়াজ আড়ম্বরপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে সাভারের বাইপাইল এলাকায় অবস্থিত বিএনসিসি ট্রেনিং একাডেমিতে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জaman, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

​সুশৃঙ্খল ও তেজোদীপ্ত এই কুচকাওয়াজে বিএনসিসি ক্যাডেটদের পেশাদারিত্ব এবং দেশপ্রেমের অনন্য প্রদর্শনী উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।

​দিকনির্দেশনামূলক বক্তব্য ও প্রশংসা

কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ শেষে সেনাবাহিনী প্রধান উপস্থিত বিএনসিসি অফিসার, প্রফেসর আন্ডার অফিসার, টিচার আন্ডার অফিসার এবং ক্যাডেটদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘‘দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীর পাশাপাশি বিএনসিসি একটি গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে।’’

​জেনারেল ওয়াকার-উজ-জামান আরও বলেন, বিএনসিসি ক্যাডেটরা শুধু ভবিষ্যৎ সশস্ত্র বাহিনীর সম্ভাব্য সদস্যই নয়, বরং তারা একই সঙ্গে দেশপ্রেমিক, দায়িত্বশীল ও নেতৃত্বগুণসম্পন্ন নাগরিক হিসেবে সমাজ গঠনে ভূমিকা রাখছে। তিনি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, সমাজসেবা এবং জাতীয় সংকটে ক্যাডেটদের স্বেচ্ছাসেবী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

​ভবিষ্যৎ নেতৃত্বের প্রতি আহ্বান

সেনাপ্রধান দেশের যেকোনো ক্রান্তিলগ্নে বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। তরুণ প্রজন্মের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও আত্মনির্ভরশীলতার গুণাবলি বিকাশে বিএনসিসির কার্যক্রমের প্রতি সন্তোষ প্রকাশ করে তিনি সংশ্লিষ্ট সকল অফিসার ও প্রশিক্ষকদের অভিনন্দন জানান।

​উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতি

সমাপনী এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সামরিক সচিব, জিওসি ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সাভার এরিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালক। এছাড়া সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএনসিসির বিভিন্ন স্তরের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানটি প্রত্যক্ষ করেন।

​অনুষ্ঠান শেষে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, বিএনসিসির এই প্রশিক্ষলব্ধ জ্ঞান ও শৃঙ্খলা কাজে লাগিয়ে ক্যাডেটরা আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে আরও বলিষ্ঠ ভূমিকা পালন করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button