হরমুজ প্রণালিতে আমিরাতের তেলবাহী ট্যাংকারে হামলা
অনলাইন ডেস্ক: সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় তাদের একটি তেলবাহী ট্যাংকারে হামলা হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
দেশটির পক্ষ থেকে জানানো হয়, রাষ্ট্রায়ত্ত তেল কম্পানি আদনকের সঙ্গে সংশ্লিষ্ট ওই ট্যাংকারটি প্রণালি অতিক্রম করার সময় আঘাতের শিকার হয়। হামলার ধরন সম্পর্কে বিস্তারিত না জানালেও কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, জাহাজের ক্রুরা সবাই নিরাপদ আছে।
এক বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাত বলেছে, এই হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮১৭ নম্বর প্রস্তাবে সমুদ্রপথে অবাধ চলাচলের যে অধিকার নিশ্চিত করা হয়েছে, তার পরিপন্থী এই ঘটনা। ওই প্রস্তাবে বাণিজ্যিক জাহাজে হামলা বা আন্তর্জাতিক সামুদ্রিক পথ বাধাগ্রস্ত করার বিরোধিতা করা হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করা এবং হরমুজ প্রণালিকে অর্থনৈতিক চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করা গ্রহণযোগ্য নয়।
সংযুক্ত আরব আমিরাত অভিযোগ করেছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এ ধরনের হামলার সঙ্গে জড়িত এবং এটি অনেকটা জলদস্যুতার মতো আচরণ।
তাদের মতে, এ ধরনের ঘটনা শুধু আঞ্চলিক স্থিতিশীলতাই নয়, বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্যও বড় হুমকি তৈরি করছে।
সংযুক্ত আরব আমিরাত ইরানকে অবিলম্বে এ ধরনের হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে।



