প্রশাসন

পটিয়া পুলিশের তৎপরতায় বিকাশে ভুল নম্বরে যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার

মুহাম্মদ জুবাইর: চট্টগ্রামের পটিয়া থানাধীন এলাকায় বিকাশের মাধ্যমে ভুলবশত অন্য নম্বরে প্রেরিত ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা সফলভাবে উদ্ধার করেছে পটিয়া থানা পুলিশ। পুলিশের দ্রুত ও দক্ষ পদক্ষেপে অল্প সময়ের মধ্যেই ভুক্তভোগী তার হারানো অর্থ ফিরে পাওয়ায় এলাকায় স্বস্তি ও সন্তোষ বিরাজ করছে।

বিস্তারিত সূত্রে জানা যায়, চন্দনাইশ থানার জাফরাবাদ এলাকার বাসিন্দা মোঃ ইলিয়াছ (২৯), পিতা-মৃত মোঃ মুছা, গত ০২/০৫/২০২৬ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ৮:০০ ঘটিকার সময় তার ব্যক্তিগত বিকাশ নম্বর হতে অপর একটি বিকাশ নম্বরে ৫০,০০০/- টাকা প্রেরণ করতে গিয়ে অসাবধানতাবশত ভুল নম্বরে টাকা পাঠিয়ে ফেলেন। পরে তিনি বিষয়টি অনুধাবন করে হতবিহ্বল হয়ে পড়েন এবং সম্ভাব্য সব উপায়ে যোগাযোগের চেষ্টা করেও টাকা ফেরত না পেয়ে পটিয়া থানার শরণাপন্ন হন।

পরবর্তীতে তিনি পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে বিষয়টি গুরুত্বসহকারে গ্রহণ করে থানা পুলিশ। অভিযোগ পাওয়ার পরপরই পটিয়া থানার এসআই (নিঃ) মোঃ জুয়েল উদ্দিনের নেতৃত্বে একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় ব্যাপক অনুসন্ধান কার্যক্রম শুরু করে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সংশ্লিষ্ট বিকাশ নম্বর, লেনদেনের তথ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের অবস্থান শনাক্ত করা হয়।

তদন্তের একপর্যায়ে সংশ্লিষ্ট নম্বরের ব্যবহারকারীকে সনাক্ত করে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয় এবং তাকে টাকা ফেরত দিতে উদ্বুদ্ধ করা হয়। পুলিশের কার্যকর তৎপরতার ফলে আজ ০৬/০৫/২০২৬ খ্রিঃ তারিখ সম্পূর্ণ ৫০,০০০/- টাকা উদ্ধার করা সম্ভব হয়।

উদ্ধারকৃত অর্থ যথাযথ নিয়ম অনুসরণ করে ভুক্তভোগী মোঃ ইলিয়াছের নিকট হস্তান্তর করা হয়েছে। টাকা ফিরে পেয়ে তিনি পটিয়া থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “আমি আশা হারিয়ে ফেলেছিলাম, কিন্তু পুলিশের আন্তরিক প্রচেষ্টায় আমার টাকা ফিরে পেয়েছি। তাদের এই সহযোগিতা সত্যিই প্রশংসনীয়।”

স্থানীয় সচেতন মহল মনে করছেন, পটিয়া থানা পুলিশের এমন দ্রুত ও মানবিক পদক্ষেপ সাধারণ জনগণের আস্থা আরও বাড়াবে এবং ডিজিটাল লেনদেনে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। একইসাথে তারা মোবাইল ব্যাংকিং ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

পটিয়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এ ধরনের ঘটনায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা সচেষ্ট থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button