প্রশাসন

সিসি ক্যামেরায় ধরা পড়বে ট্রাফিক আইন লঙ্ঘন

অপরাধ বিচিত্রা ডেস্ক: রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে এবং আধুনিকায়নের লক্ষ্যে সিসি ক্যামেরা ও ভিডিও ফুটেজের মাধ্যমে ট্রাফিক মামলা ও জরিমানা আদায়ের বিষয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (৩ মে ২০২৬ খ্রি.) ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার মোঃ সরওয়ার, বিপিএম-সেবা স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে নগরবাসীকে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা মহানগরে চলাচলরত সকল যানবাহনের মালিক ও চালকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যানজট নিরসন ও উন্নত নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএমপি ট্রাফিক বিভাগ এখন উন্নত এআই (AI) প্রযুক্তি ব্যবহার করছে। সড়কের বিভিন্ন মোড়ে স্থাপিত এআই-বেজড সফটওয়্যারের মাধ্যমে ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের স্থিরচিত্র বা ভিডিও ফুটেজ স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করা হচ্ছে। এরপর ‘ই-ট্রাফিক প্রসিকিউশন’ সফটওয়্যারের মাধ্যমে নোটিশ তৈরি করে তা রেজিস্ট্রিকৃত ডাকযোগে সংশ্লিষ্ট গাড়ির মালিক বা চালকের ঠিকানায় পাঠানো হচ্ছে।

এই প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন যানবাহন, অবৈধ পার্কিং, সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি, লাল বাতি অমান্য করা, স্টপ লাইন অতিক্রম এবং উল্টো পথে চলাচলের মতো অপরাধগুলোকে চিহ্নিত করা হচ্ছে। নোটিশপ্রাপ্ত ব্যক্তিরা ডিএমপি সদর দপ্তর বা সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগে হাজির হয়ে নির্ধারিত জরিমানা ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করে মামলা নিষ্পত্তি করতে পারবেন।

ডিএমপি সতর্ক করে জানিয়েছে, নোটিশ পাওয়ার পর যদি কোনো মালিক বা চালক সংশ্লিষ্ট দপ্তরে হাজির না হন, তবে বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণের মাধ্যমে তাদের বিরুদ্ধে সমন বা গ্রেফতারি পরোয়ানা জারির মতো কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

পাশাপাশি প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিসি ক্যামেরা বা ভিডিও ফুটেজের মামলার ভয় দেখিয়ে কোনো ব্যক্তিগত তথ্য আদান-প্রদান বা আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকতে হবে। এ ধরনের কোনো প্রতারণার চেষ্টা বা সন্দেহজনক বার্তা পেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানা অথবা ট্রাফিক বিভাগকে অবহিত করার অনুরোধ জানিয়েছে ডিএমপি। আধুনিক ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button