অপরাধপ্রতারনাবরিশালবরিশাল বিভাগবাংলাদেশবিভাগ

জমি দখল, গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগে বামনায় ইউএনও এবং থানায় লিখিত অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বরগুনা

তারিখ: ১ জুন, ২০২৬

বরগুনার বামনা উপজেলায় এক বীর মুক্তিযোদ্ধার ভোগদখলীয় জমি জোরপূর্বক দখল, ২ লাখ টাকার গাছ কেটে নেওয়া এবং ইটভাটার জন্য প্রায় ১৫ লাখ টাকার মাটি কেটে গভীর গর্ত করার অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। এছাড়া এই ঘটনার প্রতিবাদ করায় ভুক্তভোগী পরিবারকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে।

এই ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক ও অভিনেতা মোঃ মামুন আল সাফাত বাদী হয়ে লক্ষ্মীপুরা দাখিল মাদ্রাসার সুপার ও ‘পিওর ইট ব্রিক্স’-এর প্রোপ্রাইটর মোঃ মফিদুল ইসলাম ফরিদ (৫৮), ভেকু মালিক ও চালক কবির হোসেনসহ অজ্ঞাতনামা ১০/১৫ জনের বিরুদ্ধে বিবাদী করে বামনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), বামনা থানা এবং কাঁঠালিয়া থানায় লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

অভিযোগের বিবরণ ও ক্ষয়ক্ষতি
অভিযোগ সূত্রে জানা গেছে, বামনা উপজেলার চালিতাবুনিয়া গ্রামের বাসিন্দা মোঃ মামুন আল সাফাতের বাবা বীর মুক্তিযোদ্ধা মোঃ আলতাফ হোসেন এবং চাচা হেমায়েত উদ্দিন দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসার জন্য পরিবারসহ ঢাকায় অবস্থান করছিলেন। এই সুযোগে বামনা থানার বুকাবুনিয়া ইউনিয়নের লক্ষ্মীপুরা গ্রামের ত্রিমুখী বাজার সংলগ্ন বেড়িবাঁধের বাইরের প্রায় ৪০ শতাংশ জমি জোরপূর্বক দখল করে নেয় প্রভাবশালী সন্ত্রাসী ও ভূমিদস্যুর চক্র।

অভিযোগে উল্লেখ করা হয়, বিবাদীগণ ওই জমিতে থাকা বিভিন্ন প্রজাতির প্রায় ২,০০,০০০ (দুই লক্ষ) টাকার গাছ কেটে নিজেদের ইটভাটায় ব্যবহার ও বিক্রি করে দেয়। এছাড়া ইট তৈরির উদ্দেশ্যে ভেকু (এস্কেভেটর) দিয়ে ওই জমির আনুমানিক ১৫,০০,০০০ (পনেরো লক্ষ) টাকার মাটি কেটে গভীর গর্ত করে নিয়ে যায়। শুধু তাই নয়, বিবাদীদের ব্যবহৃত ভারী ভেকু ও ৬ চাকার ড্রাম ট্রাক চলাচলের কারণে এলাকার সাধারণ রাস্তা ও সরকারের বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে বলেও অভিযোগে জানানো হয়।

প্রকাশ্যে প্রাণনাশের হুমকি
ভুক্তভোগী মামুন আল সাফাত জানান, পিতার চিকিৎসা শেষে ঢাকা থেকে বাড়ি ফিরে তিনি এই বিপুল ক্ষয়ক্ষতির বিষয়ে বিভিন্ন জায়গায় অভিযোগ করায় চরম ক্ষিপ্ত হয়ে গত ১৬ মে, ২০২৬ তারিখ আনুমানিক সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় আমুয়া বাসস্ট্যান্ড এলাকায় বিবাদী লক্ষ্মীপুরার রশিদ দোকানদারের ছেলে ইরা ইট ব্রিকসের সাবেক ম্যানেজার আবু কালাম (৬০), লক্ষ্মীপুরার হাবিব মাস্টারের ছেলে মাসুমসহ পিওর ইট ব্রিকসের ফরিদ সুপারের সহযোগীরা মামুন আল সাফাতকে পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় জমি নিয়ে বেশি বাড়াবাড়ি করলে তাকে মারপিট, খুন-জখম ও মিথ্যা মামলা করা হবে বলে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়।

আইনি পদক্ষেপ
ভবিষ্যৎ নিরাপত্তা ও জীবনের সুরক্ষায় ভুক্তভোগী সাংবাদিক ও অভিনেতা মামুন আল সাফাত গত ১৯ মে, ২০২৬ তারিখে ঝালকাঠির কাঁঠালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন (জিডি নং- ৯৫৮)। কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু নাছের রায়হান জিডিটি আমলে নিয়ে ডিউটি অফিসারকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

এর আগে গত ১৩ মে, ২০২৬ তারিখে বরগুনা জেলার বামনা থানা, বামনা নির্বাহী অফিসার কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে পৃথক তিনটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। ইউএনও কার্যালয় সূত্র জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও নিজেদের সুরক্ষার দাবি জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button