চাঁপাইনবাবগঞ্জে এসপির নেতৃত্বে বিশেষ অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২১

বদিউজ্জামান রাজাবাবু: চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের অংশগ্রহণে পরিচালিত এক বিশেষ অভিযানে মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৫ জুন) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জেলা শহরের সদর মডেল থানা এলাকায় এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার (এসপি) গৌতম কুমার বিশ্বাসের প্রত্যক্ষ নেতৃত্বে এই অভিযানে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস.এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন পিপিএম। মাদক নির্মূল, পরোয়ানা তামিল এবং নিয়মিত মামলার আসামিদের গ্রেপ্তারে এই সমন্বিত অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে সদর মডেল থানার বিভিন্ন এলাকা থেকে ৬ জন মাদক ব্যবসায়ী, ১০ জন মাদকসেবী, সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত ১ জন, সাধারণ পরোয়ানাভুক্ত ৩ জন এবং নিয়মিত মামলার ১ জনসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা এবং ২০ লিটার দেশি চোলাই মদ উদ্ধার করা হয়।
অভিযান চলাকালীন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই মাদকসেবীকে তাৎক্ষণিক সাজা প্রদান করা হয়। ইয়াবা রাখার দায়ে একজনকে ২১ দিন এবং অন্যজনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. বকুল আলী, মো. দেলোয়ার, মো. আসলাম আলী, মো. খলিল, মো. রহিত ইসলাম, মো. আসাদুল্লাহ ও মোসা. মোমেনা খাতুনসহ ২১ জনের নাম প্রকাশ করেছে পুলিশ।
সদর মডেল থানার ওসি মো. একরামুল হোসাইন পিপিএম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন ও বিধি মোতাবেক মামলা রুজু এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করার কাজ চলছে। মাদকমুক্ত জেলা গড়তে পুলিশের এ ধরনের ঝটিকা অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।



