আইন-শৃঙ্খলা

টাঙ্গাইলে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার: অনলাইন জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা সংগ্রহ করে ক্রিপ্টোকারেন্সি ও ব্যাংকের মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে একটি চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি’র সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। গত ৭ জুন টাঙ্গাইল সদর ও জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো. সোলায়মান (৪৭), মো. সাগর মিয়া (২৮) এবং মো. জুয়েল রানা (৩২)। তাদের সবার বাড়ি টাঙ্গাইল সদর এলাকায়।

সিআইডি জানায়, গত ৭ জুন দুপুরে কাগমারা ব্রিজ এলাকা থেকে প্রথমে সোলায়মানকে তার নিজস্ব ডিপার্টমেন্টাল স্টোর থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিকেলে কলেজপাড়ার একটি বিকাশ ডিস্ট্রিবিউশন হাউজ থেকে সাগর ও জুয়েলকে গ্রেফতার করা হয়। সাগর ও জুয়েল মূলত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS)-এর ডিএসও (DSO) হিসেবে কর্মরত ছিলেন। তারা নির্দিষ্ট কমিশনের বিনিময়ে জুয়ার সাইটে লেনদেনের জন্য অবৈধভাবে বিভিন্ন এজেন্ট সিম সংগ্রহ করে সরবরাহ করতেন।

সিআইডি’র তদন্তে জানা যায়, আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবল ম্যাচ ও অনলাইন ক্যাসিনোকে কেন্দ্র করে দেশে ও বিদেশ থেকে বিভিন্ন বেটিং ওয়েবসাইট পরিচালনা করা হচ্ছিল। জুয়াড়িরা বিকাশ, নগদ, রকেট বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা জমা দিয়ে ভার্চুয়াল ব্যালেন্স কিনে জুয়া খেলতো। সংগৃহীত অর্থ থেকে এজেন্টরা নিজেদের কমিশন রেখে বাকি টাকা ক্রিপ্টোকারেন্সি ও বিভিন্ন ব্যাংক হিসাব ব্যবহার করে বিদেশে পাচার করে দিতো।

গত ১৭ মে রাজধানীর পল্টন থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬ এর অধীনে দায়ের করা একটি মামলার সূত্র ধরে এই অভিযান চালানো হয়। এই চক্রের বাকি সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে সিআইডির তদন্ত অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button