আইন-শৃঙ্খলা

রাঙ্গুনিয়ার গণধর্ষণ মামলার পলাতক আসামি বাকলিয়ায় গ্রেফতার

মুহাম্মদ জুবাইর: চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় দায়ের করা একটি গণধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সাইফুল (২৭) কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী রিকু আক্তার চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া উপজেলার জয়নগর এলাকার বাসিন্দা। গত ২৪ মে বিকেলে পরিবারের ছাগল আনতে গিয়ে তিনি সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, স্থানীয় একটি নির্জন জঙ্গল এলাকায় নিয়ে গিয়ে কয়েকজন অভিযুক্ত তাকে পালাক্রমে ধর্ষণ করে এবং ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেয়।

পরবর্তীতে ভুক্তভোগী বিষয়টি তার মাকে জানালে তার পিতা বাদী হয়ে গত ৩০ মে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধন ২০২৫) এর ৯(৩) ধারায় একটি মামলা দায়ের করেন।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মামলার এজাহারনামীয় ২ নম্বর পলাতক আসামি সাইফুল চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার তুলাতলী হাফেজ নগর এলাকায় অবস্থান করছে। এর পরিপ্রেক্ষিতে ১০ জুন সন্ধ্যায় র‌্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সাইফুলের বাড়ি রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা থানার ধলিয়া মুসলিমপাড়া এলাকায়। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাকলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button