চট্টগ্রামে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩ এর বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত, জোর দেওয়া হলো পেশাদারিত্বে

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩ এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ প্যারেডে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন।
আজ ১১ জুন ২০২৬ তারিখ সকাল ৮টায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রামের সাগরিকা পুলিশ লাইন্স মাঠে এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ, কুচকাওয়াজ পরিদর্শন এবং প্যারেডের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রামের সম্মানিত পুলিশ সুপার মাহমুদা বেগম।
প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের সুসজ্জিত উপস্থিতি, শারীরিক ফিটনেস, কুচকাওয়াজের মান, শৃঙ্খলা ও টার্ন আউট মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত সদস্যদের পুরস্কৃত করা হয়। এ সময় পুলিশ সুপার পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ব্যক্তিগত শৃঙ্খলা ও কর্মদক্ষতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার আরাফাতুন নূর বাঁধন। তার নেতৃত্বে প্যারেডে অংশগ্রহণকারী সদস্যরা নির্ধারিত আনুষ্ঠানিকতা ও কুচকাওয়াজ সফলভাবে সম্পন্ন করেন।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি বলেন, পুলিশ সদস্যদের সর্বদা পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পোশাক পরিধান নিশ্চিত করতে হবে এবং নিয়মিত প্যারেড অনুশীলনের মাধ্যমে শারীরিক সক্ষমতা বজায় রাখতে হবে। একই সঙ্গে তিনি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা রক্ষা, নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চার মাধ্যমে সুস্থ জীবনযাপন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জনের জন্য শৃঙ্খলা, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। জনসাধারণের সাথে সৌহার্দ্যপূর্ণ ও মানবিক আচরণ পুলিশের ভাবমূর্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি উল্লেখ করেন।
মাস্টার প্যারেডের অংশ হিসেবে পুলিশ সুপার ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রামের ব্যবহৃত বিভিন্ন যানবাহন পরিদর্শন করেন এবং যানবাহনের কার্যকারিতা, রক্ষণাবেক্ষণ ও প্রস্তুত অবস্থার বিষয়ে খোঁজখবর নেন। পরবর্তীতে তিনি অস্ত্রাগার পরিদর্শন করে অস্ত্র সংরক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। একইসঙ্গে ফোর্স ব্যারাক পরিদর্শন করে সদস্যদের আবাসন ও সার্বিক পরিবেশ সম্পর্কেও দিকনির্দেশনা প্রদান করেন।
উক্ত কর্মসূচিতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রামের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, নিয়মিত মাস্টার প্যারেড পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, মনোবল, পেশাগত প্রস্তুতি এবং বাহিনীর সার্বিক কার্যক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।



