সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর রক্তক্ষয়ী হামলা, দা’র কোপে তিন সদস্যসহ চারজন আহত

মোঃ মোক্তার হোসাইন সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেল ছিনতাই মামলার এক অভিযুক্তকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার মুখে পড়েছেন পুলিশের সদস্যরা। অভিযুক্তদের ধারালো দা’র আঘাতে তিন পুলিশ সদস্য ও পুলিশের এক সোর্স আহত হয়েছেন।
পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং হামলার ঘটনায় অভিযুক্ত দুই ভাইকে গ্রেপ্তার করে।
শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামান, কনস্টেবল শাহীন, কনস্টেবল মাইনুল এবং পুলিশের সোর্স মাসুম মিয়া। আহত পুলিশ সদস্যরা সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। গুরুতর আহত মাসুম মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কে সংঘটিত মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত সাগরকে গ্রেপ্তার করতে এসআই সুরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল সাতভাইয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অভিযুক্ত সাগর ও তার ভাই সজল ধারালো দা নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিন পুলিশ সদস্য ও পুলিশের সোর্স গুরুতর আহত হন।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং অভিযান চালিয়ে অভিযুক্ত সাগর ও সজলকে গ্রেপ্তার করে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, মোটরসাইকেল ছিনতাইয়ের মামলার আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



