আর্জেন্টিনার খেলা দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত

মো: জাকিরুল ইসলাম: রাজধানীর উত্তরার জসীমউদ্দীন রোড এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই সাংবাদিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোররাত ৩টার দিকে রাজলক্ষ্মী কমপ্লেক্সের বিপরীত পাশে বিআরটি (BRT) লেনে এই দুর্ঘটনা ঘটে। দ্রুতগামী একটি দূরপাল্লার বাস তাঁদের মোটরসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে এই প্রাণহানির ঘটনা ঘটে।
নিহত সাংবাদিকরা হলেন— ‘দৈনিক প্রাণের বাংলাদেশ’ পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ রবিউল আলম রাজু এবং ‘সংবাদ দিগন্ত’ পত্রিকার স্টাফ রিপোর্টার সাকিবুল হাসান। তাঁরা দুজনই স্থানীয় উত্তরা প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাতে বড় পর্দায় ফুটবল বিশ্বকাপের ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার মধ্যকার হাইভোল্টেজ সেমিফাইনাল ম্যাচ উপভোগ করেন তাঁরা। খেলা শেষে মোটরসাইকেলে করে উত্তরার কর্মস্থল থেকে টঙ্গীর বাসায় ফিরছিলেন। পথে জসীমউদ্দীন এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী বাস তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় পথচারী ও পুলিশ তাঁদের উদ্ধার করে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁদের দুজনকে মৃত ঘোষণা করেন।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায় এবং ভিকটিমদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করার জন্য বিশেষ আবেদন জানানো হয়েছিল, যার প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
ওসি আরও জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যাওয়ায় চালককে আটক করা সম্ভব হয়নি। তবে পুলিশ রাস্তার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘাতক বাসটি শনাক্ত ও চালককে গ্রেপ্তারের জোর চেষ্টা চালাচ্ছে। দুই সাংবাদিকের অকাল মৃত্যুতে উত্তরা এলাকার সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।



