অনুসন্ধানঅপরাধঅভিযানআইন ও বিচারআইন-শৃঙ্খলানরসিংদীপ্রশাসন

নরসিংদীতে দুই মাসের শিশুর পা মুচড়ে নির্যাতন,প্রধান অভিযুক্ত চাচি রূপগঞ্জে গ্রেপ্তার

নজরুল ইসলাম বাদল :
নরসিংদীতে পারিবারিক বিরোধের জেরে মাত্র দুই মাস বয়সী এক শিশুর পা মুচড়ে অমানবিক নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্ত চাচি ফারজানা আক্তার লতা বেগমকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব-১১ নরসিংদী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. আরিফুল ইসলাম জানান, সম্প্রতি শিশু নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, শিশুটির আপন চাচি নির্মমভাবে তাকে নির্যাতন করছেন। ঘটনার পর থেকেই লতা বেগম আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে র‍্যাব অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে মাধবদী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এর আগে, গত ১৪ জুলাই রাতে নরসিংদী জেলা প্রবেশন কর্মকর্তা রিজা আক্তার বাদী হয়ে মাধবদী থানায় মামলা দায়ের করেন। মামলায় লতা বেগমের পাশাপাশি তার স্বামী কাউছার আহমেদ এবং পিতা আলমাছ মিয়াকেও আসামি করা হয়। ঘটনার পরপরই পুলিশ কাউছার আহমেদ ও আলমাছ মিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। তবে প্রধান অভিযুক্ত লতা বেগম এতদিন পলাতক ছিলেন।

মাত্র দুই মাস বয়সী নিরপরাধ এক শিশুর ওপর এমন নিষ্ঠুর নির্যাতনের ঘটনা স্থানীয়দের পাশাপাশি সারা দেশেই ব্যাপক আলোড়ন ও ক্ষোভের জন্ম দেয়। প্রধান অভিযুক্তকে গ্রেপ্তারের মধ্য দিয়ে আলোচিত এ মামলার সব আসামিই এখন আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে এসেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button