রাজধানীর কদমতলী থানা এলাকা হতে ৫ টি ককটেইল’সহ ১ জন আসামী’কে গ্রেফতার করেছে র্যাব-১০

মামুন খান: রাজধানীর কদমতলী থানা এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে ৫টি অবিস্ফোরিত ককটেলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম নাঈম খান (২৪)।
সোমবার (১০ আগস্ট ২০২৬) রাত আনুমানিক ১২:২০ ঘটিকায় ডিএমপি ঢাকা’র কদমতলী থানাধীন জুরাইন এলাকার হাবিবুল্লাহ সুপার মার্কেট সংলগ্ন স্থান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কদমতলীর জুরাইন হাবিবুল্লাহ সুপার মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নাঈম খানের কাছ থেকে লাল কস্টেপ দিয়ে প্যাঁচানো ৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার ও তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নাঈম বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার জিরাইন এলাকার মোঃ সেকেন্দার আলী খানের ছেলে বলে নিশ্চিত হওয়া গেছে।
উদ্ধারকৃত ককটেলগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বিস্ফোরক হওয়ায় পরবর্তীতে র্যাবের বিশেষজ্ঞ বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। পরে বোম্ব ডিসপোজাল দল নিরাপদ স্থানে ককটেলগুলো সফলভাবে নিষ্ক্রিয় ও ধ্বংস করে।

জব্দকৃত আলামত এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিস্ফোরক উপাদান আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে কদমতলী থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১০ এর পক্ষ থেকে জানানো হয়, রাজধানীসহ সারা দেশে যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ও জালিয়াতি রোধে র্যাব সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে। অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে এমন ঝটিকা অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।



