চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে নিয়মিত মাস্টার প্যারেড অনুষ্ঠিত
মুহাম্মদ জুবাইর: চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে নিয়মিত মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৮:০০ ঘটিকায় মাস্টার প্যারেডে সালামি গ্রহণ করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম। এ সময় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা প্যারেডে অংশগ্রহণ করেন।
প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় পুলিশ সদস্যদের টার্ন-আউট, শৃঙ্খলা, ড্রিল এবং দায়িত্ব পালনের প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। তিনি দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সময়ানুবর্তিতা ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি জনগণের সঙ্গে দায়িত্বশীল, সৌজন্যমূলক ও মানবিক আচরণ নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার বলেন, পুলিশের প্রতিটি সদস্যের শৃঙ্খলা, দক্ষতা ও দায়িত্ববোধ একটি কার্যকর ও জনবান্ধব পুলিশিং ব্যবস্থার অন্যতম ভিত্তি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
মাস্টার প্যারেড শেষে পুলিশ সুপার চট্টগ্রাম জেলা পুলিশের বিভিন্ন যানবাহন পরিদর্শন করেন। এ সময় তিনি যানবাহনগুলোর সামগ্রিক অবস্থা, রক্ষণাবেক্ষণ, ব্যবহারযোগ্যতা ও সার্বক্ষণিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। দায়িত্ব পালনে ব্যবহৃত যানবাহনগুলো যথাযথভাবে রক্ষণাবেক্ষণ এবং জরুরি প্রয়োজনে দ্রুত ব্যবহারের উপযোগী রাখার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
নিয়মিত মাস্টার প্যারেডের মাধ্যমে জেলা পুলিশের সদস্যদের শৃঙ্খলা, দক্ষতা, দায়িত্ববোধ ও অপারেশনাল প্রস্তুতি আরও সুসংহত করার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।



