পটিয়ায় ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু তরুণকে পিটিয়ে হত্যার দাবি বিভ্রান্তিকর

এম জসিম উদ্দিন: সামাজিক যোগাযোগমাধ্যমে “চট্টগ্রামের পটিয়ায় ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ, উত্তেজনা ছড়িয়েছে এলাকায়”এমন শিরোনামে একটি ফটোকার্ড ও পোস্ট ছড়িয়ে পড়েছে। এতে দাবি করা হচ্ছে, পার্থ বিশ্বাস নামে এক হিন্দু তরুণকে ধর্ম অবমাননার অভিযোগে মুসলিম ব্যক্তি ও মাদ্রাসার শিক্ষার্থীরা মারধর করে হত্যা করেছে।
তবে প্রচারিত এই দাবিটি বিভ্রান্তিকর। ফটোকার্ডে ব্যবহৃত ছবি ও তথ্য ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পটিয়ায় ঘটে যাওয়া একটি পুরোনো ঘটনার সঙ্গে সম্পর্কিত।
তৎকালীন প্রকাশিত সংবাদ প্রতিবেদন অনুযায়ী, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে পার্থ বিশ্বাস পিন্টু নামে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করে আদালতে পাঠায়। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর তথ্যও প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তবে ৩০ সেপ্টেম্বর ২০২৪ সালের তৎকালীন সংবাদ প্রতিবেদনে পার্থ বিশ্বাস পিন্টুকে মারধর করে হত্যার কোনো তথ্য পাওয়া যায় না। অর্থাৎ, পুরোনো ঘটনার ছবি ও তথ্যের সঙ্গে নতুন করে “পিটিয়ে হত্যা”র দাবি যুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
ফলে প্রচারিত ফটোকার্ডটি পুরোনো ঘটনার বিকৃত উপস্থাপন এবং এর সঙ্গে যুক্ত “পিটিয়ে হত্যা”র দাবিটি বিভ্রান্তিকর।
সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো পুরোনো ছবি, সংবাদ বা ভিডিওর সঙ্গে নতুন ও অযাচাইকৃত তথ্য যুক্ত করে প্রচার না করার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে। কোনো ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়ার আগে সংশ্লিষ্ট সংবাদটির প্রকাশের তারিখ, মূল প্রতিবেদন ও ঘটনার প্রেক্ষাপট যাচাই করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্ভরযোগ্য তথ্য অনুসরণ করা জরুরি।
গুজবে বিভ্রান্ত হবেন না। তথ্য যাচাই করুন। পুরোনো ঘটনার ছবি ব্যবহার করে নতুন ঘটনার বিভ্রান্তিকর প্রচার থেকে বিরত থাকুন।



