রাজধানী

বিমানবন্দরে ফুটপাতে উচ্ছেদকে ঘিরে ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে পরিচালিত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে উত্তেজনা এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাটিতে মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিমানবন্দরগামী যাত্রী ও সাধারণ পথচারীদের স্বাভাবিক চলাচলে প্রচণ্ড বিঘ্ন ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাতগুলো দীর্ঘদিন ধরে ভাসমান দোকান ও হকারদের দখলে রয়েছে। এর ফলে লাগেজ হাতে নিয়ে আসা দেশি-বিদেশি যাত্রীসহ সাধারণ পথচারীদের ফুটপাত ছেড়ে চরম ঝুঁকি নিয়ে প্রধান সড়ক দিয়ে হাঁটতে হচ্ছিল। এতে দুর্ঘটনাসহ নিয়মিত তীব্র যানজট তৈরি হচ্ছিল।

বুধবার উচ্ছেদ অভিযান চলাকালে একপর্যায়ে হকারদের একাংশ সংগঠিত হয়ে বাধা দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে কঠোর অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসীর অভিযোগ, প্রতিবারই লোকদেখানো উচ্ছেদ অভিযান চালানো হলেও অভিযান শেষে সকেলেই পুনরায় দখল হয়ে যায় মূল সড়ক ও ফুটপাত। এতে সাময়িক সমাধান হলেও ভোগান্তি দূর হয় না।

সংশ্লিষ্টদের মতে, কেবল সাময়িক অভিযানের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিমানবন্দর এলাকার মতো স্পর্শকাতর স্থানে নিয়মিত তদারকি ও সমন্বিত তদারকি প্রয়োজন। একই সঙ্গে হকারদের বিকল্প পুনর্বাসনের সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ এবং ফুটপাত দখল ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী নগরবাসী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button