প্রশাসন

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মুহাম্মদ জুবাইর: আজ ০৬ অক্টোবর ২০২৬ ইং সকাল ১১:০০ ঘটিকায় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদর দপ্তরের সম্মেলন কক্ষে সিএমপির সেপ্টেম্বর ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী।

সভায় নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে সকল থানা এবং মহানগর গোয়েন্দা বিভাগকে সর্বোচ্চ পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন সিএমপি কমিশনার।

তিনি সংশ্লিষ্ট উপ-পুলিশ কমিশনারদের নিজ নিজ আওতাধীন এলাকায় মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাং কার্যক্রমসহ বিভিন্ন ধরনের অপরাধ প্রতিরোধে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ প্রদান করেন। একইসঙ্গে রুজুকৃত হত্যা মামলাসহ অন্যান্য মামলা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে জনগণের প্রতি কার্যকর ও দ্রুত পুলিশি সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়।

সভায় মামলা নিষ্পত্তির হার বৃদ্ধি এবং গ্রেফতারি পরোয়ানা তামিলের গতি আরও বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে অপরাধ নিয়ন্ত্রণ, তদন্ত কার্যক্রমের মানোন্নয়ন এবং পুলিশের দৃশ্যমান তৎপরতা বৃদ্ধির বিষয়েও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে ট্রাফিক বিভাগকে ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন সিএমপি কমিশনার। পাশাপাশি নগরীর সড়কগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

এছাড়াও সভায় সেপ্টেম্বর ২০২৬ মাসে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ পারফরম্যান্সকারী পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়।

সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (সদর) মো: ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো: হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button