রাজধানী

গ্রাহক সেবার মান বাড়াতে ডিপিডিসি বাসাবো দপ্তরের উদ্যোগে মতবিনিময় সভা ও গণশুনানি অনুষ্ঠিত

মামুন খান: ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের (ডিপিডিসি) এনওসিএস বাসাবো দপ্তরের উদ্যোগে গ্রাহক সেবার মান বৃদ্ধি এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আরও আধুনিক ও কার্যকর করার লক্ষ্যে এক মতবিনিময় সভা ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

৩০ সেপ্টেম্বর (বুধবার), ২০২৬ সকাল ১১:৩০ টায় এনওসিএস বাসাবো কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে এলাকার গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী, যানবাহন চালক এবং ডিপিডিসির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

অনুষ্ঠানে এনওসিএস (সেন্ট্রাল) ডিপিডিসির প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মশিয়ার রহমান জোয়ার্দ্দার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনওসিএস সার্কেল বাসাবো ডিপিডিসির সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার মোঃ রুহুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনওসিএস বাসাবো ডিপিডিসির নির্বাহী প্রকৌশলী আহমেদ শফিক। এছাড়া অনুষ্ঠানে এনওসিএস বাসাবো, ডিপিডিসির সহকারী প্রকৌশলী মো: আতিকুল আলমসহ দপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় উপস্থিত স্থানীয় ব্যবসায়ী ও যানবাহন চালকসহ অন্যান্য গ্রাহকেরা তাঁদের বিদ্যুৎ সংক্রান্ত নানাবিধ অভিজ্ঞতা, দৈনিক কার্যক্রমে ফেস করা সমস্যা ও নিজস্ব মতামত তুলে ধরেন। এ সময় ডিপিডিসির পক্ষ থেকে উপস্থিত সকল গ্রাহকের উদ্দেশ্যে তাঁদের যেকোনো বিদ্যুৎ কেন্দ্রিক সমস্যা বা অভিযোগ থাকলে তা সংকোচ ছাড়াই কর্মকর্তাদের সঙ্গে শেয়ার করার আহ্বান জানানো হয়। ডিপিডিসি কর্তৃপক্ষ মন দিয়ে তাঁদের অভিযোগ শোনেন এবং দ্রুততার সঙ্গে এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোরালো আশ্বাস প্রদান করেন।

বিদ্যুৎ বিতরণব্যবস্থা আধুনিকীকরণ ও গ্রাহক সন্তুষ্টি অর্জনে ডিপিডিসি ধারাবাহিকভাবে ইতিবাচক ভূমিকা পালন করে আসছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, টেকনিক্যাল ক্রুটি দূর করা এবং গ্রাহকদের দ্রুততম সময়ে ডিজিটাল সেবা পৌঁছানোর ক্ষেত্রে ডিপিডিসির সাম্প্রতিক বিভিন্ন উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে।

গ্রাহকদের সাথে যোগাযোগের এই স্বচ্ছতা ও সুসম্পর্ক ধরে রাখতে ডিপিডিসির পক্ষ থেকে একটি বড় ঘোষণা দেওয়া হয়। কর্তৃপক্ষ পরিষ্কারভাবে জানিয়ে দেন যে, গ্রাহক সেবার মান ধারাবাহিক ও উন্নত রাখতে এখন থেকে নিয়মিত বিরতিতে এমন মতবিনিময় সভা ও গণশুনানির আয়োজন করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে মশিয়ার রহমান জোয়ার্দ্দার বলেন, “ডিপিডিসি প্রতিটি গ্রাহকের দৌড়গোড়ায় নির্ভরযোগ্য ও মানসম্পন্ন বিদ্যুৎ পৌঁছে দিতে সংকল্পবদ্ধ। সেবা প্রদানে যেকোনো ধরণের বাধা বা অভিযোগ সরাসরি শুনে তা সমাধান করাই আমাদের এ আয়োজনের মূল লক্ষ্য।”

অনুষ্ঠান শেষে যেকোনো বিদ্যুৎ কেন্দ্রিক জরুরি প্রয়োজন বা সেবা সম্পর্কিত তথ্যের জন্য ডিপিডিসির ২৪ ঘণ্টা চালু থাকা সার্বক্ষণিক হটলাইন নম্বর ১৬১১৬-এ যোগাযোগের জন্য গ্রাহকদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button