আইন-শৃঙ্খলা

ফেসবুকে বাইক বিক্রির স্টোরি ধরে লুণ্ঠিত মোটরসাইকেল উদ্ধার, পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ৪

মুহাম্মদ জুবাইর: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা পুলিশের বিশেষ অভিযানে অপহরণ ও ডাকাতির মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ভুক্তভোগীর ছিনিয়ে নেওয়া একটি মোটরসাইকেল উদ্ধারসহ মোট তিনটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। গ্রেপ্তার চারজনের মধ্যে বান্দরবান জেলা পুলিশ লাইনে কর্মরত এক পুলিশ কনস্টেবলও রয়েছেন। গত ১৬ অক্টোবর রাতে কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রাম নগরীর ফয়’স লেক চক্ষু হাসপাতালের সামনে এক যুবককে অস্ত্রের ভয় দেখিয়ে অপহরণ, মারধর ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়। খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান বুধবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-বান্দরবান জেলা পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল ও চট্টগ্রামের সাতকানিয়া থানার দক্ষিণ কাঞ্চনা এলাকার বাসিন্দা অনিক দাশ (২৭), বায়েজিদ বোস্তামী থানার বাসিন্দা ওয়াহিদ মোহাম্মদ জেবল হোসেন ওরফে অনিক ওয়াহিদ (৩৯), ফটিকছড়ি থানার মহিউদ্দিন সেলিম (৫২) এবং হালিশহর থানার ফইল্লাতলী বাজার এলাকার মোহাম্মদ ওয়াহিদ নাসির ওরফে ডায়মন্ড (৩৮)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বায়েজিদ বোস্তামী এলাকার বাসিন্দা মারুফুর রহমান অপু (২২) গত ১৬ অক্টোবর রাতে তাঁর কয়েকজন বন্ধুকে নিয়ে তিনটি মোটরসাইকেলে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ১৭ অক্টোবর রাত আনুমানিক দেড়টার দিকে তাঁরা খুলশী থানাধীন ফয়’স লেক চক্ষু হাসপাতালের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মেরুন রঙের প্রাইভেট কার ও দুটি মোটরসাইকেল তাঁদের গতিরোধ করে।

অভিযোগ অনুযায়ী, প্রাইভেট কারে থাকা ব্যক্তিরা মারুফুর রহমান অপুকে মারধর করেন এবং ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক গাড়িতে তুলে নেন। এ সময় তাঁর অন-টেস্ট ইয়ামাহা আর১৫ আর২এম মডেলের প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা মূল্যের মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়া হয়। পরে অপুকে প্রাইভেট কারে করে নগরীর বিভিন্ন স্থানে ঘোরানো হয়। একপর্যায়ে তাঁকে বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর কাছ থেকে প্রায় ২০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন কেড়ে নেওয়ার পর ধাক্কা দিয়ে ফেলে রেখে অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর ছিনিয়ে নেওয়া মোটরসাইকেল উদ্ধারে ভুক্তভোগী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খোঁজখবর নিতে থাকেন। এ সময় ‘অহরশ’ নামের একটি ফেসবুক আইডি থেকে অনিক নামের এক ব্যক্তি একটি মোটরসাইকেল বিক্রির স্টোরি শেয়ার করেন। সেটি দেখে ভুক্তভোগীর সন্দেহ হয় যে, মোটরসাইকেলটি তাঁর কাছ থেকে ছিনিয়ে নেওয়া বাইক হতে পারে। পরে মারুফুর রহমান ওই আইডির সঙ্গে যোগাযোগ করে মোটরসাইকেলটি পাঁচ লাখ ৩০ হাজার টাকায় কেনার প্রস্তাব দেন এবং অগ্রিম হিসেবে পাঁচ হাজার টাকা পাঠান। পরবর্তীতে বায়েজিদ লিংক রোডের মুখে পুলিশ বক্সের সামনে মোটরসাইকেলটি হস্তান্তরের বিষয়ে কথা হয়।
পুলিশের সহায়তায় নির্ধারিত স্থানে অভিযান চালিয়ে মোটরসাইকেল হস্তান্তরের সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ কনস্টেবল অনিক দাশকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী অভিযান চালিয়ে চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু করে পুলিশ।

পুলিশ জানায়, কনস্টেবল অনিক দাশকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে নগরীর বিটাক বাজার এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে ওয়াহিদ মোহাম্মদ জেবল হোসেন ও মহিউদ্দিন সেলিমকে আটক করা হয়।
পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, পাহাড়তলী থানার ফইল্লাতলী বাজার এলাকার একটি গ্যারেজে অভিযান চালানো হয়। গত ২০ অক্টোবর ভোর সাড়ে চারটার দিকে ওই গ্যারেজ থেকে ভুক্তভোগীর লুণ্ঠিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। একই অভিযানে চক্রের আরেক সদস্য মোহাম্মদ ওয়াহিদ নাসির ওরফে ডায়মন্ডকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় লুণ্ঠিত মোটরসাইকেলটি উদ্ধারের পাশাপাশি আরও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে জব্দ করা অপর দুটি মোটরসাইকেলের মালিকানা ও সেগুলোর সঙ্গে অন্য কোনো ঘটনার যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

অপহরণ ও মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বান্দরবান জেলা পুলিশ লাইনে কর্মরত একজন পুলিশ কনস্টেবল থাকায় বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

খুলশী থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং জব্দ করা অন্য মোটরসাইকেলগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য জানতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button