শিক্ষা

ছাত্রীদের হলের পাশে ড্রোন ওড়ানোর ঘটনায় চবিতে অনুমতি ছাড়া ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করল কর্তৃপক্ষ

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে প্রক্টর অফিসের পূর্বানুমতি ছাড়া ড্রোন ক্যামেরা উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে। বিশেষ করে ছাত্রীদের হলসংলগ্ন এলাকায় অনুমতি ছাড়া ড্রোন ওড়ানোর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা, শৃঙ্খলা ও ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

রোববার (২৫ অক্টোবর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা প্রায়ই বিনা অনুমতিতে ড্রোন ক্যামেরা উড্ডয়ন করছেন। এমনকি কোনো কোনো ক্ষেত্রে ছাত্রীদের হলসংলগ্ন এলাকাতেও ড্রোন ওড়ানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা এবং ছাত্রীদের ব্যক্তিগত গোপনীয়তার জন্য উদ্বেগজনক।

এ অবস্থায় ক্যাম্পাসের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রক্টর অফিসের পূর্বানুমতি ছাড়া কোনো ধরনের ড্রোন ক্যামেরা উড্ডয়ন করা যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে। ড্রোন উড্ডয়নের প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই প্রক্টর অফিসের অনুমতি নিতে হবে এবং প্রযোজ্য সরকারি বিধিবিধান অনুসরণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও দর্শনার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে এ নির্দেশনা মেনে চলার পাশাপাশি ক্যাম্পাসের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে প্রক্টর অফিস।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এ নির্দেশনার মূল লক্ষ্য হলো ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং বিশেষ করে ছাত্রীদের ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষিত রাখা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button