আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের প্রাণকেন্দ্রে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গতকাল রোববার (২২ নভেম্বর) ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ নামে সড়কটির নামফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

বাংলাদেশ দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর শিকাগো সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস সড়কটির নামকরণের প্রস্তাব উত্থাপন করেন এবং পরবর্তীতে সিটি কাউন্সিল সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি অনুমোদন করে। শিকাগোর বাংলাদেশি কমিউনিটির নেতা শাহ মোজাম্মেল নান্টুর উদ্যোগে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে নিয়ে এ নামকরণের কার্যক্রম পরিচালিত হয়।

শিকাগোর স্থানীয় সময় রোববার দুপুর ১২টায় বৃষ্টিভেজা পরিবেশে আয়োজিত নামফলক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, শিকাগো সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস, উদ্যোগের উদ্যোক্তা শাহ মোজাম্মেল নান্টু এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ। এ ছাড়া শিকাগোর বাংলাদেশি কমিউনিটির নেতাদের মধ্যে শাহ মোসাদ্দেক মিন্টু, জসীমউদ্দীন, ইকবাল কবির, দুলু মিয়া, হাদী ভূঁইয়া, মাহির শাহ, ফরহাদ আহমেদ, কাউন্টি শেরিফের প্রতিনিধি সালমান আফতাব, শাহ মোশাররফ ও ডা. মনজুরুল হক অনুষ্ঠানে অংশ নেন।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়কটির নামকরণের ক্ষেত্রে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা ও রাজনৈতিক অবদান বিবেচনায় নেওয়া হয়েছে। প্রস্তাবে তাঁর তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা এবং জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিবারই বিপুল ভোটে বিজয়ী হওয়ার বিষয়টি তুলে ধরা হয়।

উল্লেখযোগ্য যে, নামকরণ করা এই সড়কটির পাশেই অবস্থিত শিকাগোর ঐতিহাসিক ১১০ তলাবিশিষ্ট ‘উইলিস টাওয়ার’ (পূর্বের সিয়ার্স টাওয়ার), যার কাঠামোগত নকশা করেছিলেন প্রখ্যাত বাংলাদেশি প্রকৌশলী ফজলুর রহমান খান (এফ আর খান)। এর আগে ২০১৪ সালে শিকাগো শহরের অপর একটি সড়কের নামকরণ করা হয়েছিল ‘অনারারি জিয়াউর রহমান ওয়ে’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button