অপরাধ বিচিত্রা ডেস্ক: আগামী ১৩ নভেম্বরকে কেন্দ্র করে সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিস্থিতি স্বাভাবিক থাকবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কোনো ধরনের সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে টহল জোরদার করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
উপদেষ্টা বলেন, মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কোনো ধরনের উদ্বেগের কারণ নেই। পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১৩ নভেম্বরের লকডাউন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থান নিয়েছে। তিনি জানান, এই তারিখকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে আমাদের পেট্রোলিং বাড়ানো হয়েছে। সন্দেহভাজন কাউকে দেখলেই পুলিশকে জানানোর জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ বা কেপিআইগুলোতে (Key Point Installations) নিরাপত্তা বাড়ানো হয়েছে। একই সাথে ট্রাইব্যুনাল, মেট্রোরেল এবং রেলে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক রাখা হয়েছে।
নাশকতামূলক কার্যকলাপ প্রতিরোধের জন্য বিভিন্ন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। বাসে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটানোর ক্ষেত্রে এই তেল ব্যবহৃত হয় উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, রাস্তার পাশে খোলা তেল (পেট্রোল) বিক্রি কিছুদিনের জন্য বন্ধ থাকবে। এছাড়াও, অবৈধ অস্ত্র উদ্ধারের কার্যক্রম অব্যাহত আছে এবং এটি আরও বেগবান করা হবে বলেও তিনি জানান। বাইরে রয়ে যাওয়া অস্ত্রগুলোও উদ্ধার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সন্ত্রাসীদের হুঁশিয়ারি দিয়ে লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।” অনেক সময় সন্ত্রাসীরা সহজে জামিন পেয়ে যায়। তারা যেন এভাবে সহজে জামিন না পায়, সে ব্যাপারে সংশ্লিষ্টদের কাছে অনুরোধ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো মিছিল বা সমাবেশ হচ্ছে না। এ ধরনের ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক দল ও সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।
নির্বাচনী প্রস্তুতির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের নির্বাচনের প্রস্তুতি মোটামুটি সন্তোষজনক। প্রস্তুতি সম্পন্ন হলে আমরা একটি মহড়াও দেব।



