সিদ্ধিরগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: গুলশান থেকে প্রধান আসামি শফিকসহ দুজন গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে তুলে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামি শফিকসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১।
র্যাব জানায়, সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১-এর সদর কোম্পানির একটি বিশেষ দল রাজধানীর গুলশান-১ এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন—শফিক (২৪) ও রাশেদ (২২)। তারা দুজনই বরিশালের মুলাদী উপজেলার উত্তর গাছুয়া গ্রামের বাসিন্দা। বর্তমানে তারা ঢাকার ধানমন্ডির জিগাতলা এলাকায় অবস্থান করছিলেন।
এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণীর মায়ের কাছে আসামিদের প্রায় চার লাখ টাকা পাওনা ছিল। সেই পাওনার বিপরীতে আসামিরা একসময় একটি স্ট্যাম্পে স্বাক্ষর নিয়েছিল। পরে পাওনা টাকা পরিশোধের পর ওই স্ট্যাম্প ফেরত চাইলে আসামিরা নানা অজুহাতে তা দিতে অস্বীকৃতি জানায়।
গত ৭ নভেম্বর সকাল ১১টার দিকে আসামিরা ভুক্তভোগীকে ফোন করে জানায় যে, তারা স্বাক্ষরিত স্ট্যাম্পটি ফেরত দেবে। নির্ধারিত সময় অনুযায়ী তরুণী সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় পৌঁছালে আসামিদের একজন জানায়, দলিলটি তার বোনের বাসায় আছে, সেখান থেকে আনতে হবে। এরপর তরুণীকে মাইক্রোবাসে তুলে নেয় তারা।
গাড়িটি সিদ্ধিরগঞ্জের জালকুড়ির দশপাইপ এলাকায় পৌঁছালে আসামিরা নির্জন স্থানে মাইক্রোবাসটি থামিয়ে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগী নিজে বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
র্যাব-১১ এর অপারেশন অফিসার গোলাম মোর্শেদ বলেন, “গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”



