নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বর্বর এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শনিবার (২ মে) সকালে আনোয়ারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(৩) ধারায় মামলাটি রুজু করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক ১০টা থেকে মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর পর্যন্ত দুই দফায় এ নৃশংস ঘটনা ঘটে। ভুক্তভোগী তরুণী তার খালার বাড়িতে বেড়াতে এসে পাশবিক এই অপরাধের শিকার হন।
এজাহারে উল্লেখ করা হয়, রাত ১০টার দিকে খালাতো বোনের বাসায় যাওয়ার পথে স্থানীয় একটি মুদি দোকানের সামনে পৌঁছালে প্রথম অভিযুক্ত আবু তাহের জোরপূর্বক তাকে দোকানের ভেতরে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে অন্যান্য অভিযুক্তরা বিষয়টি জেনে ভুক্তভোগীকে তাদের কাছে নিয়ে যায় এবং ভয়ভীতি দেখিয়ে পাশের একটি বিলে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে যা পুরো ঘটনাকে আরও ভয়াবহ করে তোলে।
পরদিন সকালে ভুক্তভোগী নিজ বাড়িতে ফিরে ঘটনাটি মাকে জানান। পরে তার মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
মামলায় অভিযুক্তরা হলেন, রায়পুর এলাকার আবু তাহের (৪২), পূর্ব গহিরার রবিউল হোসেন ওরফে চুমকিয়া (২৪), মো. ফারুক (২৩) এবং আনোয়ার হোসাইন (২২)।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর ও গুরুতর। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চালাচ্ছি। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।



