ব্রাহ্মণপাড়ায় কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার: এক বছরের কারাদণ্ড
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নে পুলিশি অভিযানে ইসমাইল নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২ মে) তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্ত ইসমাইল মাধবপুর ইউনিয়নের আব্দুল জলিলের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আগে থেকেই একটি জিআর (GR) মামলার পরোয়ানা জারি ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইসমাইল দীর্ঘ দিন ধরে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মরণঘাতী মাদকের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে আসছিলেন। তার এই অনৈতিক ব্যবসার কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পতিত হওয়ায় জনমনে তীব্র ক্ষোভ ছিল। অবশেষে তাকে গ্রেফতার ও সাজা প্রদানের খবরে এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
সাফল্যের সাথে এই অভিযান সম্পন্ন করার জন্য স্থানীয় বাসিন্দারা ব্রাহ্মণপাড়া থানা পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। মাদক মুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর এমন কঠোর ও আপসহীন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন সচেতন এলাকাবাসী।


